জর্জিয়া: ফের বন্দুকবাজের তাণ্ডবে আতঙ্ক মার্কিন মুলুকে। এবার জর্জিয়ায় মার্কিন সেনা ঘাঁটি ফোর্ট স্টুয়ার্টে এলোপাথাড়ি গুলি দুষ্কৃতীর। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকায় কিছুক্ষণের জন্য জারি হয় লকডাউন। দক্ষিণ-পূর্ব জর্জিয়ার এই সুবিশাল সেনা ঘাঁটি থার্ড ইনফ্যান্ট্রি ডিভিশনের ঠিকানা। বুধবার ওই এলাকায় বন্দুকবাজের গুলিতে পাঁচ মার্কিন সেনা জখম হয়েছেন বলে খবর। আহতরা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। লকডাউন জারির আধঘণ্টার মধ্যেই অবশ্য সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়। সূত্রের খবর, ধৃতের নাম কুইরনেলিয়াস র্যাডফোর্ড। সে ফ্লোরিডার বাসিন্দা। ২৮ বছরের র্যাডফোর্ড আগেও মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। গুলি চালানোর খবর পেয়েই মার্কিনমিলিটারি পুলিস ও আপৎকালীন কর্মীরা তৎপর হয়ে ওঠেন। ওই এলাকার একাধিক স্কুল বন্ধ করা হয়। বন্ধ করে দেওয়া হয় ফোর্ট স্টুয়ার্টের সমস্ত প্রবেশ পথও। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প হামলায় জখমদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘গুলি চালানোর ঘটনায় শোকাহত। আহতদের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।’ ইতিমধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি জানানো হয়েছে বলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন।



