সংবাদদাতা, শিলিগুড়ি: বাংলার বয়সভিত্তিক ক্রিকেট দলের ট্রায়ালে ডাক পেল শিলিগুড়ির চার খুদে ক্রিকেটার। এর আগে বাংলার ভিশন ক্যাম্পে শিলিগুড়ির প্রবীণ ছেত্রী ও নিরুপম বর্মন সুযোগ পেয়েছে। বাংলার বয়স ভিত্তিক বিভিন্ন দলে সুযোগ পাওযার ক্ষেত্রে তারা অনেকটাই এগিয়ে। এবার বাংলা দলে জায়গা করে নেওয়ার সুযোগ শিলিগুড়ির আকাশ তরফদার, তুফান রায়, যুবরাজ সিং ও বিনোদ মুণ্ডার সামনে।
ঋদ্ধিমান সাহার শহরে ক্রিকেটের এই নতুন জোয়ার খুশি সকলে। রবিবার শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের তরফে এই চার ক্রিকেটারকে সম্বর্ধনা জানিয়ে উৎসাহিত করা হয়। মহকুমা ক্রীড়া পরিষদের সচিব কুন্তল গোস্বামী, ক্রিকেট সচিব ভাস্কর দত্ত মজুমদার, সহকারি ক্রিকেট সচিব উত্তম চট্টোপাধ্যায় এবং ঋদ্ধিমান সাহার কোচ জয়ন্ত ভৌমিক, শিলিগুড়ি রেফারিজ অ্যান্ড আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সচিব রানা দে সরকার তাদের উৎসাহিত করেন।
আকাশ তরফদার আগেই অনূর্ধ্ব ১৯-র ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে সুযোগ পেয়েছে। রাজ্য দলের ট্রায়ালে তার সুযোগ পাওয়াটা প্রত্যাশিত ছিল। ধারাবাহিক ভালো পারফরমেন্স করে অনূর্ধ্ব ১৬-র দল গঠনের ট্রায়ালে ডাক পেল শিলিগুড়ি যুবরাজ গৌরব ও তুফান। ঋদ্ধিমানের কোচ জয়ন্ত ভৌমিক বলেন, শিলিগুড়ি থেকে একসঙ্গে এত ক্রিকেটার বাংলার বয়স ভিত্তিক বিভিন্ন দলের ট্রায়ালে আবার ডাক পাচ্ছে, নিঃসন্দেহে ভালো খবর।
এদিকে প্রতিভার অন্বেষণে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদও ক্রিকেটে প্রসারের জন্য একগুচ্ছ উদ্যোগ নিয়েছে। ভাস্কর দত্ত মজুমদার নতুন ক্রিকেট সচিব হয়ে এবার শিলিগুড়িতে মহিলা ক্রিকেট লিগ চালুর উদ্যোগ নিয়েছেন। তারজন্য মহিলা ক্রিকেটেরও দলবদলে সইসাবুদ পর্ব চালু হচ্ছে।
পাশাপাশি ব্লক ভিত্তিক আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতা করবে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ। এদিন একথা জানান মহাকুমা ক্রীড়া পরিষদের সচিব কুন্তল গোস্বামী। ভাস্কর দত্ত মজুমদার বলেন, খেলার সংখ্যা বাড়াতে হবে। তাহলেই শিলিগুড়ির খুদে প্রতিভাবান ক্রিকেটার আরও বেশি করে উঠে আসবে। এখন সারা বছরই ক্রিকেট খেলা চলে। তাই আমরা সারা বছর ধরে শহর, গ্রাম সর্বত্র ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে যাব।
নিজস্ব চিত্র।