নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রবিবার সকালে মুর্শিদাবাদের কান্দির গোকর্ণে ভয়াবহ পথদুর্ঘটনা। ডাম্পারের সঙ্গে যাত্রাবোঝাই ট্রেকারের ধাক্কায় মৃত্যু হল অন্তত চারজনের। সুলতানপুর রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে। জখম হয়েছেন আরও ১৮ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে খবর।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানিয়েছেন, রাজ্য সড়কের ধারে উল্টোদিকে দাঁড়িয়ে ছিল বালির ডাম্পারটি। ট্রেকারটি কান্দির দিক থেকে বহরমপুরের পথে আসছিল। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা মারে। এর পরে সেটি উল্টে যায়। যার জেরে ছিটকে পড়েন ট্রেকারের যাত্রীরা। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত নিয়ে যাওয়া হয় গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় গুরুতর জখম আরও দশজন যাত্রী। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। চলছে চিকিৎসা।
দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতিকে দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা জানিয়েছেন, দ্রুত গতিতে ডাম্পারে ধাক্কা মেরেছিল ট্রেকারটি। এদিকে, দুর্ঘটনার জেরে গুরুত্বপূর্ণ এই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সেখানে যায় কান্দি থানার পুলিস। অতিরিক্ত পুলিস সুপার (ট্রাফিক)-এর নেতৃত্বে পরে বিশাল বাহিনী সেখানে আসে। ধীরে ধীরে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।