Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘৪ ঘণ্টার বিজেপি’ সমস্যা মিটবে পুজোর পরই: শমীক, রাজ্যসভার আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী কোয়েল

‘চার ঘণ্টার বিজেপিতেই সমস্যা। আরও দু’একমাস এমন চলবে। পুজোর পর সব ঠিক হয়ে যাবে। মা দুর্গাই ভরসা। সব অসুর নাশ হবে।’

‘৪ ঘণ্টার বিজেপি’ সমস্যা মিটবে পুজোর পরই: শমীক, রাজ্যসভার আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী কোয়েল
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘চার ঘণ্টার বিজেপিতেই সমস্যা। আরও দু’একমাস এমন চলবে। পুজোর পর সব ঠিক হয়ে যাবে। মা দুর্গাই ভরসা। সব অসুর নাশ হবে।’ দলের ক্রমবর্ধমান অন্তর্দ্বন্দ্বে বুধবার দিল্লিতে এমনই কড়া বার্তা দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, রাজ্যের শাসকদল এবং সরকারের মধ্যে সমন্বয় রক্ষা করতে আজ, বৃহস্পতিবারই রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের দিল্লিতে ডেকে পাঠিয়েছে পদ্মশিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়াও ওই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ সহ সংঘ পরিবারের শীর্ষ নেতারাও সেখানে উপস্থিত থাকবেন। শমীকবাবুর অবশ্য দাবি, দলে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। 

Advertisement

জানা যাচ্ছে, আজকের বৈঠকে এনসিপিআই ইস্যুও এজেন্ডায় থাকতে পারে। কারণ একে কেন্দ্র করে বিভিন্ন সময় রাজ্য বিজেপির অন্দরেই মতান্তর হয়েছে। এব্যাপারে এদিন শমীকবাবু বলেছেন, ‘এনসিপিআই আমার সিলেবাসে নেই। কেউ যদি আমাদের হয়ে ভোট প্রচার করতে চায়, তাহলে কী করার আছে? কিন্তু আমি যতদূর জানি, এনসিপিআইকে কেউ রাজ্যের ভোটে প্রচারের জন্য ডাকেনি।’ বিজেপির রাজ্য সভাপতির এহেন মন্তব্য আরও স্পষ্ট করে দিচ্ছে, বিদ্রোহী তৃণমূল সাংসদদের উপর কতটা খড়্গহস্ত দল! তবে প্রেক্ষাপট যাই থাকুক না কেন, রাজ্যে দলের উপর নজরদারি বৃদ্ধি করতে চাইছে কেন্দ্রীয় বিজেপি। সেইমতো রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক পদে বুধবারই বড়োসড়ো পরিবর্তন করেছে পদ্মশিবির। বাংলার দায়িত্বপ্রাপ্তদের চারজনের তালিকায় পুরানো মুখের মধ্যে রাখা হয়েছে শুধুমাত্র সুনীল বনসলকে। সরিয়ে দেওয়া হয়েছে অমিত মালব্যকে। 
সুনীল বনসলকে আগের মতোই বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতার ভার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত বিজেপির তিনজন সহনেতা করা হয়েছে লালসিং আর্য, রাজেন্দ্র সিং এবং পিঙ্কি কুশওয়াকে। ইতিপূর্বে বাংলার দায়িত্ব সামলানো বিহারের মঙ্গল পান্ডেকে অসমের কেন্দ্রীয় পর্যবেক্ষক করেছে বিজেপি। বঙ্গ বিজেপির সাংসদ মনোজ টিগ্গা বিজেপির অসমের ভারপ্রাপ্ত সহনেতার দায়িত্ব পেয়েছেন। বঙ্গ বিজেপির আরেক সাংসদ রাজু বিস্তা সিকিমের কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন। এদিন পশ্চিমবঙ্গ সহ মোট ৩৬টি রাজ্যে বিজেপির নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং ভারপ্রাপ্ত সহনেতার তালিকা প্রকাশ করেছে। স্মৃতি ইরানি পেয়েছেন ছত্তিশগড় ও হরিয়ানার দায়িত্ব। তামিলনাড়ুতে রাম মাধব। আগামী ১৬ অক্টোবর রাজ্যসভার নির্বাচনে প্রার্থী নিয়ে একপ্রকার নিশ্চিত বিজেপি। সম্ভবত নিজেরই ছেড়ে দেওয়া আসনে এবার পদ্মশিবিরের টিকিটে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তার আগে অবশ্য তাঁকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ