সংবাদদাতা, কল্যাণী: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ঘটনায় বড়োসড়ো সাফল্য পেল রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা। দু’ধাপে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।
সংবাদদাতা, কল্যাণী: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ঘটনায় বড়োসড়ো সাফল্য পেল রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা। দু’ধাপে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।
গত ২৪ নভেম্বর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগকারী পুলিশকে জানায়, এইমসে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞাপন ফেসবুকে দেখে আবেদন করতে গিয়ে তিনি প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগ অনুযায়ী, অজ্ঞাতপরিচয় প্রতারকরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে অ্যাপ্লিকেশন লেটার, জয়েনিং লেটার, জব কনফার্মেশন লেটার ও এগ্রিমেন্ট লেটার পাঠিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরি করে। এরপর নানা অজুহাতে অভিযোগকারীর কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয়। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে সাইবার ক্রাইম থানা। তদন্ত চলাকালীন প্রতারকদের ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট লেনদেনের সূত্র ধরে পুলিশ ধানতলা এলাকায় অভিযান চালিয়ে মাসের শুরুতেই দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, এর পিছনে বড়োসড়ো প্রতারণা চক্র সক্রিয় রয়েছে। তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে পুলিশ ওই চক্রের সঙ্গে যুক্ত আরও দু’জনকে গ্রেপ্তার করে মঙ্গলবার। অভিযানের সময় প্রতারিত ৫৫ হাজার টাকাও উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।