নাগোয়া: এশিয়াডে মহিলাদের হকিতে গোলের বন্যা বইয়ে চলেছে ভারত। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৯ গোলের মালা পরিয়েছিলেন দীপিকারা। সেই ছন্দ বজায় রেখে দ্বিতীয় খেলায় ইন্দোনেশিয়াকে ১৭ গোল দিল ভারতীয় প্রমীলা বাহিনী। দু’ম্যাচে মোট গোল সংখ্যা ৩৬। এদিন তিনজন খেলোয়াড় হ্যাটট্রিক করলেন। তাঁরা হলেন, দীপিকা, রুতুজা পিসাল ও নবনীত কাউর। পাশাপাশি জোড়া লক্ষ্যভেদ লালরেনমসিয়ামি, সুনেলিতা টোপ্পি এবং সাক্ষী রানার। এছাড়াও স্কোরশিটে নাম তোলেন ইশিকা ও সালিমা টেটে। গ্রুপ বি’তে বুধবার ভারতীয় মহিলা দলের পরের প্রতিপক্ষ থাইল্যান্ড। উল্লেখ্য, এই ছন্দ বজায় রাখে সোনা জিততে পারলে ২০২৮ ওলিম্পিকসে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে ভারতীয় মহিলারা।
উজবেকিস্তানের বিরুদ্ধে যেখানে শেষ করেছিল সোমবার যেন সেখান থেকেই শুরু করল সালিমা টেটে-ব্রিগেড! শুরু থেকেই প্রতিপক্ষের উপর আক্রমণের স্টিম রোলার চালায় ভারতীয় দল। নবনীতরা ইন্দোনেশিয়ার গোলমুখে হানা দিলেই ম্যালেরিয়া রুগির মতো কেঁপেছে তাদের রক্ষণ। প্রথম কোয়ার্টারে ৪-০ ব্যবধানে লিড নেয় ভারত। দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে যোগ হয় ৫টি করে গোল। তবে এর মধ্যে একটি গোল হজমও করে টিম ইন্ডিয়া। শেষ কোয়ার্টারে আরও ৩টি গোল করেন ইশিকারা। গত ম্যাচে একাই ৮ বার লক্ষ্যভেদ করে এশিয়ান গেমসে রেকর্ড করেছিলেন দীপিকা। এর মধ্যে ৫টি এসেছিল পেনাল্টি কর্নার থেকে। এদিন হ্যাট্রিকেই থামেন তিনি। উজবেকদের বিরুদ্ধে দীপিকার রেকর্ডের পর এই ম্যাচে নজির গড়লেন সবিতা পুনিয়া। দেশের জার্সিতে সর্বাধিক ৩২১ ম্যাচ খেলার কীর্তি এখন তাঁর নামের পাশে।