এক সপ্তাহে মালদহে ডেঙ্গু আক্রান্ত ৩২
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: গত এক সপ্তাহে জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩২ জন। এর মধ্যে ইংলিশবাজার শহরে ৬ জনের ডেঙ্গু ধরা পড়েছে। কালিয়াচক-১ নম্বর ব্লকেও সাতদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ জন। পুজোর মরশুমে এনিয়ে ডেঙ্গুর বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় জেলা স্বাস্থ্যদপ্তর। চলতি বছরে এখনও পর্যন্ত মালদহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬০২। সংখ্যার হিসাবে রাজ্যে অষ্টম স্থানে মালদহ। এমনিতে আবহাওয়ার পরিবর্তনে এখন ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশি। এতে আক্রান্ত হচ্ছে শিশুরা। তার উপর ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি নিয়ে বাড়ছে চিন্তা। ইংলিশবাজার শহরের বাসিন্দাদের অভিযোগ, মশার দাপটে ঘরে টেকা যাচ্ছে না। জেলা গ্রন্থাগারে মশা নিয়ে খোদ মন্ত্রী গৌরীশংকর ঘোষের কাছে অভিযোগ করেছেন পাঠকরা। পুরসভার অবশ্য দাবি, নিয়মিত নিকাশিনালা সাফাইয়ের কাজ হচ্ছে। শহরে যাঁদের ডেঙ্গু ধরা পড়ছে, তাঁদের বেশিরভাগই বাইরে থেকে আক্রান্ত হয়ে আসছেন। জেলা স্বাস্থ্যদপ্তরের তরফে অবশ্য বাড়ি বাড়ি সার্ভে চলছে। কোনো বাড়িতে জ্বরে আক্রান্ত কোনো বাসিন্দা আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যার হিসাবে রাজ্যে প্রথম মুর্শিদাবাদ। ওই জেলায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪৭৯। ডেঙ্গু আক্রান্তের নিরিখে রাজ্যে দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২৭৯ জন। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯৫৩ জন। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৩৬ জন। পঞ্চম স্থানে থাকা দক্ষিণ ২৪ পরগনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮৭৩। ষষ্ঠ স্থানে নদীয়া। ওই জেলায় ডেঙ্গু আক্রান্ত ৭৪৫ জন। সপ্তম অর্থাৎ, মালদহের ঠিক আগে রয়েছে হুগলি। সেখানে চলতি বছরে গত দশমাসে মোট আক্রান্ত ৬০২ জন।
জেলা স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, গত এক সপ্তাহে মালদহে যে ৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, ইংলিশবাজার ও কালিয়াচক-১ ব্লকে ১২ জন ছাড়া বাকি আক্রান্তদের মধ্যে রতুয়া-২ ব্লকে ৪ জন, ইংলিশবাজার ব্লকে ৪ জন, কালিয়াচক-২ ব্লকে ৩ জন, কালিয়াচক-৩ ব্লকে ২ জন, পুরাতন মালদহ ব্লকে ২ জন, বামনগোলায় ২ জন, মানিকচকে ১ জন, চাঁচল-২ ব্লকে একজন ও হরিশ্চন্দ্রপুর-১ ব্লকে ১ জন রয়েছেন। 
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত দশমাসে জেলায় যে ৬০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি ইংলিশবাজারে। সেখানে আক্রান্তের সংখ্যা ৪২ জন। ইংলিশবাজার ব্লকে আক্রান্ত আরও ৪৮ জন। তুলনায় পুরাতন মালদহ শহরে ডেঙ্গুর প্রকোপ কম। সেখান চারজন। ওই  ব্লকে আক্রান্ত ৩০ জন। হরিশ্চন্দ্রপুর-১ ব্লকে ১১ জন, হরিশ্চন্দ্রপুর-২ ব্লকে ১২ জন, চাঁচল-১ ব্লকে ২১ জন, চাঁচল-২ ব্লকে ৩৭ জন, রতুয়া-১ ব্লকে ৪৬ জন, রতুয়া-২ ব্লকে ৫০ জন, মানিকচকে ২৬ জন, বামনগোলায় ১৮ জন, হবিবপুরে ১০ জন, গাজোলে ২২ জন, কালিয়াচক-১ ব্লকে ৮৪ জন, কালিয়াচক-২ ব্লকে ৮৭ জন ও কালিয়াচক-৩ ব্লকে ৫৪ জন।