Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঠান্ডা পানীয়ের আড়ালে ৩ হাজার কেজি শব্দবাজি পাচার, গ্রেপ্তার ২

ঠান্ডা পানীয়ের আড়ালে ৩ হাজার কেজি শব্দবাজি পাচার, গ্রেপ্তার ২
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ঠান্ডা পানীয় বোঝাই লরি। সেই লরি থেকে ক্রেট সরাতেই বেরিয়ে এল বড় বড় কাগজের পেটি। যার ভিতরে ঠাসা শব্দবাজি! ঠান্ডা পানীয়ের আড়ালে দক্ষিণ ২৪ পরগনা থেকে তা পাচার হচ্ছিল অসমে। বুধবার রাতে ওই লরি থেকে প্রায় তিন হাজার কেজি শব্দবাজি উদ্ধার করল বিমানবন্দর থানার পুলিস। এই চক্রে যুক্ত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, এই বিপুল পরিমাণ বাজি শীঘ্রই নিষ্ক্রিয় করা হবে।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই লরিটি যখন এয়ারপোর্ট ১ নম্বর গেটের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই পুলিসের সন্দেহ হয়। লরিটি থামানো হলে ভিতরে থাকা দু’জন দাবি করে, ‘স্যর, ঠান্ডা পানীয়ের গাড়ি’। পুলিস পিছনের দিকে থাকা কয়েক ক্রেট সরাতে বলে। তারপরই পিছনের দিকে সাদা পলিথিন মোড়া একাধিক কাগজের পেটি দেখা যায়। তার ভিতরেই রাখা ছিল শব্দবাজি। সবই চকোলেট বোম। তারপর লরিটি আটক করে বিমানবন্দর থানায় নিয়ে আসা হয় এবং গাড়িতে থাকা দু’জনকে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা জেরায় স্বীকার করেছে, এই বিপুল পরিমাণ শব্দবাজি অসমের এক ব্যবসায়ীর কাছে পাঠানো হচ্ছিল। এই চক্রে আর কারা যুক্ত, তা খোঁজ করে দেখছে পুলিস। বাজেয়াপ্ত হওয়া শব্দবাজি যেখানে রাখা হয়েছে, তার কিছুটা দূরেই কলকাতা বিমানবন্দর। তাই যাতে কোনওভাবে দুর্ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের অনুমতি নেওয়ার পর হলদিয়ায় নিয়ে গিয়ে বাজিগুলি নিষ্ক্রিয় করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ