Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতের জের, বাতিল ৩০০ বিমান

ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে মাউন্ট আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরি। ভোর থেকেই শুরু হয়েছে লাভার ফোয়ারা।

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতের জের, বাতিল ৩০০ বিমান
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে মাউন্ট আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরি। ভোর থেকেই শুরু হয়েছে লাভার ফোয়ারা। তাতে রবিবার জাভা-সুমাত্রার বিস্তীর্ণ অংশের আকাশ ঢেকেছে কালো ধোঁয়ার মেঘে। প্রায় ৫০ হাজার ফুট উঁচুতে পৌঁছে গিয়েছে কুণ্ডলী। অগ্ন্যুৎপাতের জেরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। নিরাপত্তার কারণে একাধিক স্কুল বন্ধ রাখা হয়েছে। জাকার্তার সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা দেড়টা পর্যন্ত উড়ান বন্ধ ছিল। প্রায় ৩০১টি উড়ান বাতিল করা হয়েছে। এরমধ্যে ৫৮টি আন্তর্জাতিক উড়ান। পরিষেবা ব্যাহত হওয়ায় কয়েকশো যাত্রী ইন্দোনেশিয়ার মূল বিমানবন্দরে আটকে পড়েন। সবমিলিয়ে সংখ্যাটা ২০ হাজারের বেশি।  সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, জাকার্তাগামী  ও সেখান থেকে আসা সমস্ত বিমান বাতিল করেছে সিঙ্গাপুর এয়ারলায়েন্স। এয়ারএশিয়া সহ একাধিক বিমান সংস্থা উড়ান কাটছাঁট করেছে। 

Advertisement

জাভা ও সুমাত্রার মাঝে সুন্দা জলপ্রণালীর উপর অবস্থিত মাউন্ট আনাক ক্রাকাতাউ। সেটি জেগে উঠতে পারে বলে শুক্রবারই ইঙ্গিত মিলেছিল। শেষ পর্যন্ত রবিবার ভোররাত ৩টে বেজে ৫৩ মিনিটে শুরু হয় অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরি চূড়া থেকে প্রায় ১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছে গিয়েছিল লাভার ফোয়ারা। বহু দূর পর্যন্ত ছাই ছড়িয়ে পড়ে। তার জেরে স্কুল ছুটি ঘোষণা করা হয়। অনেকেই চোখে জ্বালাভাব ও শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করে। এজন্য মাস্ক ও চশমা পরার পরামর্শ দিয়েছে প্রশাসন। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ