Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার আলিপুর চিড়িয়াখানায় ঘুরে বেড়াবে ৩০ ফুটের দানব সরীসৃপ

এবার আলিপুর চিড়িয়াখানায় ঘুরে বেড়াবে ৩০ ফুটের দানব সরীসৃপ
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যামাজনের বিভীষিকা অ্যানাকোন্ডা। ১৬টি অ্যানাকোন্ডা এখন থাকে আলিপুর চিড়িয়াখানায়। সাপগুলির রং হলুদ। সেগুলি ছাড়া সবুজ অ্যানাকোন্ডারও খোঁজ করছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বছর তিনেক আগে থেকে খোঁজ চলছিল। এবার তাদের জন্য তৈরি উপযুক্ত পরিবেশও। পাথুরে ঘর। তাতে অ্যামাজনের ঘন জঙ্গল। কৃত্রিম নদী। গরম কাটাতে বৃষ্টির ব্যবস্থা। যেন একটা রেন ফরেস্ট। কিন্তু সবুজ সাপ কিছুতেই মিলছিল না। শেষমেশ সুখবর দিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এ ক’বছর ধরে দেশ ও বিদেশের বিভিন্ন চিড়িয়াখানায় খোঁজখবর চালিয়েছে তারা। খোঁজ মিলেছে। কিন্তু আনতে পারেনি। এবার সবুজ দানব সাপ আনার চূড়ান্ত চুক্তি হতে চলেছে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কের সঙ্গে। এরপর সরকারি অনুমোদন হাতে পেলেই আগামী মরশুমে চিড়িয়াখানায় চলে আসবে একজোড়া সবুজ অ্যানাকোন্ডা।

Advertisement

মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে আগে হলুদ অ্যানাকোন্ডা নিয়ে আসা হয়েছে। এবার আসছে সবুজ। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন সেন্ট্রাল জু অথরিটির অনুমতির অপেক্ষা। সেন্ট্রাল জু অথরিটির সবুজ সঙ্কেত মিলে গেলেই জোড়া সবুজ অ্যানাকোন্ডা আলিপুরে আনা হবে। এ দেশের মধ্যে একমাত্র মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কেই রয়েছে সবুজ অ্যানাকোন্ডা। সূত্রের খবর, ইতিমধ্যেই চিড়িয়াখানার আধিকারিকরা চেন্নাই গিয়ে সবুজ অ্যানাকোন্ডার দু’টি শাবক পছন্দ করে এসেছেন। আলিপুর জানিয়েছে, ওই দু’টি শাবকের পাল্টা হিসেবে আলিপুর পশুশালার কাছে দু’টি শাঁখামুটি ও ইগুয়ানা চাওয়া হয়েছে। 
২০১৯ সালে আলিপুর চিড়িয়াখানায় অ্যানাকোন্ডার প্রবেশ। চারটি হলুদ অ্যানাকোন্ডার দু’টি পুরুষ ও দু’টি মেয়ে। ২০২১ সালে সাপগুলি ১২টি শাবকের জন্ম দেয়। বর্তমানে এক-একটি দানব হয়ে দাঁড়িয়েছে। লম্বায় ১৪ থেকে ১৬ ফুট। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, হলুদের চেয়ে সবুজ অ্যানাকোন্ডা দৈর্ঘ্যে আরও বড়। প্রায় দ্বিগুণ হয়। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হয় তারা। ওজন হয় প্রায় ২০০ কেজি। এত বড় সাপ শুধুমাত্র সিনেমার পর্দাতেই এতদিন দেখেছে মানুষ। এবার নিজের চোখে দেখবে। 
জানা গিয়েছে, ২০২২ সালে সবুজ অ্যানাকোন্ডা মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে চাওয়া হয়েছিল। কিন্তু সেবার বিনিময় প্রকল্পে সম্মতি দেয়নি ব্যাঙ্ক। মাদ্রাজ ফিরিয়ে দেওয়ার পর রাজ্য জু অথরিটি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব জু অ্যান্ড অ্যাকোয়ারিয়ামের দ্বারস্থ হয়। তারাও খালি হাতে ফিরিয়ে দেয় আলিপুরকে। ফের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কের কাছে সবুজ অ্যানাকোন্ডা চেয়ে আবেদন করে আলিপুর। এবার আর হতাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবুজ দানব পাঠাতে রাজি হয় তারা। এই তথ্য সুখবর বয়ে এনেছে রাজ্যবাসীর কাছে। এই দানব সরীসৃপ চলে এলে পর্যটকদের ভিড় ভেঙে পড়বে বলে আশা চিড়িয়াখানা কর্তৃপক্ষের।

Advertisement
সম্পর্কিত সংবাদ