আমার নামে ৩০টি কেস, জেলে রেখে জব্দ  করার মতলব! দমব না, তোপ অভিষেকের
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইডি, সিবিআই, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশকে যত ইচ্ছা আমার বিরুদ্ধে নামানো হোক, কিন্তু আমাকে দমানো যাবে না। এই ভাষাতেই সরাসরি বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম করে আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, আমার বিরুদ্ধে ৩০টা কেস করেছে, আরও ৫০টা করুক। আপনার ক্ষমতা থাকলে আপনি দমিয়ে দেখান। ছ-সাত বছর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে চেষ্টা করেছে। ভাবছেন জেলে রেখে জব্দ করবেন, আমার আপ্তসহায়ককে মিথ্যা মামলা দিয়ে প্রায় আড়াই মাস ধরে হেপাজতে রাখা হয়েছে। কিন্তু আমাকে দমানো যাবে না।

Advertisement

মমপন্থী তৃণমূলের একাধিক বিধায়ক, কাউন্সিলার, নেতাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার বা বারবার ডেকে পাঠিয়ে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ অভিষেকের। তাঁর বক্তব্য, বিজেপিকে খুশি করতে বেশ কয়েকজন পুলিশ অফিসার কাজ করছেন। আমি ওই পুলিশ অফিসারদের বলব, আপনাদের নাম চিহ্নিত করে রাখা আছে। ওই পুলিশ অফিসাররা ভাবছেন ভালো পোস্টিং পাবেন, কিন্তু দুবছর পর ওই পুলিশ অফিসারদের কী পরিণতি হয় দেখবেন। কেউ ছাড় পাবেন না। একইসঙ্গে অভিষেক এটাও জানান, ‘বড়ো মাথা’ গ্রেপ্তার হবে উনি বলেছেন। আমি ওঁকে বলব, সেটাও হবে যেদিন কেন্দ্রীয় সরকার পালটাবে। 
পাশাপাশি, চোরবাগান দুর্গাপুজো প্রাঙ্গণে ১৯ জনের মৃত্যুর ঘটনায় বিজেপি নেতাদের নাম করে অভিযোগ এনেছেন অভিষেক। চোরবাগান পুজো কমিটির বিভিন্ন পদে বিজেপির যে সমস্ত নেতার নাম ছিল, তাঁদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সেই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির যাঁরা সদস্য, চিফ প্যাট্রন (মুখ্য পৃষ্ঠপোষক), চেয়ারম্যান, মুখ্য পরামর্শদাতা, তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি। এই তিনজনকে গ্রেপ্তার করে রাজধর্ম পালন করুন আগে মুখ্যমন্ত্রী। ক্ষমতা থাকলে নিজের ভাইপোর বিরুদ্ধে আগে ব্যবস্থা নিন উনি।