Bartaman Logo
৭ জুন, ২০২৬

জঙ্গি-যোগের দায়ে কাশ্মীরে বরখাস্ত ৩ সরকারি কর্মচারী

লস্কর, হিজবুলের মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে চলার অভিযোগে তিন সরকারি কর্মীকে বরখাস্ত করলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

জঙ্গি-যোগের দায়ে কাশ্মীরে বরখাস্ত ৩ সরকারি কর্মচারী
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০

জম্মু: লস্কর, হিজবুলের মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে চলার অভিযোগে তিন সরকারি কর্মীকে বরখাস্ত করলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। ওই তিনজন হলেন— পুলিস কনস্টেবল মালিক ইশফাক নাসির, স্কুল শিক্ষাদপ্তরের শিক্ষক এজাজ আহমেদ ও শ্রীনগরের সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ওয়াসিম আহমেদ খান। জানা গিয়েছে, ভারতীয় সংবিধানের ৩১১ (২) (সি) ধারা অনুযায়ী ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ ওই তিনজনকে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে ওই তিনজনই জেলে রয়েছেন। প্রশাসন এখনও পর্যন্ত ৭৫ জন সরকারি আধিকারিককে একইরকম অভিযোগে বরখাস্ত করেছে। নিরাপত্তা বাহিনীর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, তিন জনকেই সন্ত্রাসে সক্রিয় মদতদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালে জম্মু ও কাশ্মীর পুলিসের কনস্টেবল পদে যোগ দেয় মালিক। ২০২১ সালে একটি অস্ত্র ও বিস্ফোরক পাচার মামলার তদন্তে তার নাম উঠে আসে। নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে উপত্যকায় সন্ত্রাসের রসদ মজুতের কাজ করত মালিক। আবার এজাজ আহমেদ ২০১১ সালে স্কুলশিক্ষা দপ্তরে যোগ দেয়। ২০২৩ সালের নভেম্বরে পুলিসের রুটিন তল্লাশির সময় অস্ত্রশস্ত্র, গুলি ও হিজবুলের প্রচার পুস্তিকা সহ ধরা পড়ে সে। পুঞ্চ এলাকায় হিজবুলের বড় ভরসা ছিল এই এজাজ। কম যায় না ওয়াসিমও। মেডিক্যাল কলেজের এই  জুনিয়র অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে ২০১৮ সালে সাংবাদিক সুজাত বুখারিকে হত্যার অভিযোগ রয়েছে। লস্কর ও হিজবুল— দু’জনের সঙ্গে সুসম্পর্ক রেখে চলত ওয়াসিম।

সম্পর্কিত সংবাদ