নয়াদিল্লি: রাশিয়ার বাহিনীতে এই মুহূর্তে ২৭ জন ভারতীয় রয়েছেন। জানাল ভারতের বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানিয়েছেন, ‘ রুশ বাহিনীতে কর্মরত ২৭ ভারতীয় নাগরিকের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে, অবিলম্বে ভারতীয় নাগরিকদের অব্যাহতি দেওয়ার কথা বলেছি। সেখানে বসবাসরত প্রত্যেক ভারতীয়কে আবারও জানাচ্ছি, রুশ বাহিনীতে যোগ দেওয়ার প্রস্তাব গ্রহণ করবেন না। এতে বিপদের সম্ভাবনা ও জীবনের ঝুঁকি রয়েছে।’ দু সপ্তাহ আগেই রুশ সেনাবাহিনীতে ভারতীয় নাগরিককে জোর করে যোগদান করানোর বিষয়ে মস্কোকে সর্তক করেছিল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছিল, ‘আমরা একাধিক রিপোর্টে দেখেছি রাশিয়ার বাহিনীতে ভারতীয়দের নিয়োগ করা হয়েছে।’



