সুকান্তর বাড়িতে ২০ জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ, অভিষেককেও চিঠি
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কী করবে এনসিপিআই? প্রশ্ন রাজনৈতিক মহলে। ইস্যু: তিন লাইনের হুইপ। আর সেই ‘শাঁখের করাতে’র মুখে পড়ে চার বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ পদ বাঁচাতে বিলের বিরুদ্ধে ভোট করতে পারেন—এই জল্পনা ছড়াতেই তড়িঘড়ি বোঝাতে নামলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার রাতে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের ৩০ এ পি জে আবদুল কালাম রোড়ের বাংলোয় ২০ বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ (এনসিপিআই)কে নিয়ে বসল বৈঠক। হল নৈশভোজও। এর মধ্যে এআইটিসি’র মুখ্য সচেতক হিসাবে হুইপ জারি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান কাকলি ঘোষ দস্তিদার। সেখানে তাঁকে বিলের পক্ষে ভোট দিতে বলা হয়। সূত্রের খবর, পদ্মশিবিরের তরফে এনসিপিআইয়ের প্রত্যেককে আশ্বাস দেওয়া হয়েছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই বিলের বিপক্ষে ভোট দিতে হুইপ জারি করুন না কেন, বিক্ষুব্ধদের কিছু হবে না। কিন্তু পরে যদি কোনোভাবে সাংসদ পদ খারিজ হয়ে যায়—অশনি সঙ্কেত দেখছেন এনসিপিআইয়ের কেউ কেউ। মমতা-তৃণমূলে ফেরার রাস্তা বন্ধ। আবার সাংসদ পদও গেল! তাই শুভেন্দু-ভূপেন্দ্রদের আশ্বাস পেলেও সন্দেহ রয়েছে। বিজেপি বিল পাশের স্বার্থে ২০ সংখ্যাকে কাজে লাগিয়ে পরে ‘ইউজ অ্যান্ড থ্রো’ করবে না তো? কারণ, রাজনৈতিক মহলের মতে, এনসিপিআইয়ের সদস্য পদ খারিজ হলে বিজেপির কোনো ক্ষতি নেই। রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতিতে উপনির্বাচন হলে সিংহভাগ বিজেপিই যে জিতবে, তা বলাই বাহুল্য। অর্থাৎ, বিজেপির নিজের সংখ্যা বাড়বে। শরিকের ভরসা করতে হবে না। তাই দোলাচলে রয়েছেন এনসিপিআইয়ের কয়েকজন সাংসদ। অন্যদিকে, রবিবার ভূপেন্দ্র যাদবের বাড়িতে আলাদা করে নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু। এনসিপিআই সাংসদদের বিজেপিতে ভবিষ্যৎ নিয়ে আলোচনাই ছিল এই বৈঠকের মুখ্য এজেন্ডা।

Advertisement