Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদায় ট্রেন থেকে ২টি ময়াল উদ্ধার

বৃহস্পতিবার সকালে ডাউন জাজপুর-খড়্গপুর এক্সপ্রেস থেকে দু’টি পূর্ণবয়স্ক ময়াল সাপ উদ্ধার করেছে রেল পুলিশ।

বেলদায় ট্রেন থেকে ২টি ময়াল উদ্ধার
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

​সংবাদদাতা, বেলদা: বৃহস্পতিবার সকালে ডাউন জাজপুর-খড়্গপুর এক্সপ্রেস থেকে দু’টি পূর্ণবয়স্ক ময়াল সাপ উদ্ধার করেছে রেল পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বন্যপ্রাণী পাচারের উদ্দেশ্যেই সাপ দু’টিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ​রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল যে ওই ট্রেনে কিছু পাচার করা হচ্ছে। এদিন সকালে ডাউন জাজপুর এক্সপ্রেস বেলদা স্টেশনে পৌঁছালে তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশি চলাকালীন একটি কামরার বসার আসনের নীচে পরিত্যক্ত ঝোলা ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুলতেই তার ভিতর দু’টি বাঁশের ঝাঁপি দেখা যায়। সেই ঝাঁপি খুলতেই দু’টি বিশালকার ময়াল বেরিয়ে আসে। পুলিশ ট্রেন থেকে সাপ দু’টিকে নামায়। বেলদা বনদপ্তরকে খবর দেওয়া হয়। বনকর্মীরা স্টেশনে এসে সাপ দু’টিকে নিজেদের হেফাজতে নেন। উদ্ধার হওয়া ময়াল দু’টির মধ্যে একটি লম্বায় ৯ফুট এবং অন্যটি প্রায় ৭ফুট। বনদপ্তরের আধিকারিক তৌহিদ আনসারি বলেন, রেলপুলিশ আমাদের হাতে দু’টি পূর্ণবয়স্ক ময়াল সাপ তুলে দিয়েছে। খুব শীঘ্রই এদের প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ