নিজস্ব প্রতিনিধি, বারাসত: মাটিবোঝাই গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন দুই যুবক। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মাটিয়া থানার কচুয়া এলাকায়। জানা গিয়েছে, জখমদের নাম কালাম মণ্ডল (২০) ও কালাম মণ্ডল (২২)। দুই কালামেরই বাড়ি দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের মামুরাবাদ গ্ৰামে। বর্তমানে তাঁরা বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। দেগঙ্গার তিন যুবক একটি বাইকে করে কচুয়া এলাকায় আত্মীয় বাড়িতে গিয়েছিলেন। রাত ন’টা নাগাদ কচুয়া গোলদার পাড়া এলাকায় উল্টোদিক থেকে আসা মাটিবোঝাই গাড়ির সঙ্গে তাঁদের বাইকের সংঘর্ষ হয়। একজনের চোট সামান্য হলেও বছর ২০-এর কালামের মাথা ফাটে ও ডান পায়ে ক্ষত হয়েছে। আর ২২ বছরের কালামের ডান পায়ের উপর চলে যায় গাড়ির চাকা। জখম দুই কালামকে স্থানীয়রা উদ্ধার করে ধান্যকুড়িয়া গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিয়া থানার পুলিস। মাটিবোঝাই গাড়ি সহ দুঘটনাগ্ৰস্ত বাইকটি তারা থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্তে নেমেছে পুলিস।



