পাঁচতারা হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২ বিদেশি, জখম আরও ২
  • ৩১ অক্টোবর, ২০২৬ ১৩:১৪
Prefer us on Google

বেঙ্গালুরু, ৩১ অক্টোবর: মর্মান্তিক ঘটনা। বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই বিদেশি নাগরিকের। গতকাল সন্ধ্যায় শহরের বিলাসবহুল এক হোটেলের সুইমিং পুলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন একজন জার্মান এবং একজন স্লোভাকিয়ার নাগরিক। পাশাপাশি সুইমিং পুলে তাঁদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দুইজন। যার মধ্যে একজন মার্কিন নাগরিক এবং অন্যজন হোটেলের ভারতীয় পুল অ্যাটেনড্যান্ট। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। 

Advertisement

জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় ওই পাঁচতারা হোটেলের তৃতীয় তলায় অবস্থিত সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়েছিলেন এই দুই ব্যক্তি। ঠিক সেই সময়ে কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা। এরপর বিপদে পড়তে দেখে উদ্ধারের চেষ্টা করেন হোটেলের আর এক অতিথি, ৪১ বছর বয়সি মার্কিন নাগরিক ম্যাথিউ ডেসান্টিস এবং ২৮ বছর বয়সি পুল অ্যাটেনড্যান্ট রাহুল তিওয়ারি। তাঁদেরও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঘাত লাগে বলে জানা গিয়েছে। 

পুলিশ মারফত জানা গিয়েছে, মৃত জার্মান নাগরিকের নাম আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস (৫৭)। তিনি জার্মানির এক বেসরকারি বিমান সংস্থার ক্রু সদস্য ছিলেন। অপরদিকে মৃত স্লোভাকিয়ান নাগরিকের নাম জুরাজ হরভাট (৪৫)। তিনি এক তথ্যপ্রযুক্তি সংস্থার প্রোজেক্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন। দুইজনেই ওই হোটেলে অতিথি হিসেবে ছিলেন বলে জানা গিয়েছে। আহত দু’জনকে দ্রুত মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, দু’জনের অবস্থাই বিপদমুক্ত। এই ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছে পুলিশ। কীভাবে সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।