Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তেরোতলা ভবনের ছাদ থেকে লোহার রড পড়ে ২ জনের মৃত্যু, চাঞ্চল্য হাওড়া ট্রেড সেন্টারে

তেরোতলা ভবনে ছাদে চলছিল নির্মাণকাজ। সেখান থেকে মোটা লোহার রড পড়ে বেঘোরে প্রাণ হারালেন দু’জন। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ হাওড়া পুরসভা সংলগ্ন ট্রেড সেন্টারে এই ঘটনা ঘটে।

তেরোতলা ভবনের ছাদ থেকে লোহার রড পড়ে ২ জনের মৃত্যু, চাঞ্চল্য হাওড়া ট্রেড সেন্টারে
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: তেরোতলা ভবনে ছাদে চলছিল নির্মাণকাজ। সেখান থেকে মোটা লোহার রড পড়ে বেঘোরে প্রাণ হারালেন দু’জন। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ হাওড়া পুরসভা সংলগ্ন ট্রেড সেন্টারে এই ঘটনা ঘটে। যার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গোটা ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। পুলিশ মামলা রুজু করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম শেখ ইরফান ও খোকন। তাঁদের একজন মঙ্গলাহাটের ওস্তাগার ও অন্যজন মুটিয়া। ট্রেড সেন্টারের একটি গুদাম থেকে মালপত্র সরানোর কাজে ব্যস্ত ছিলেন দুই জন। সেই সময় তেরোতলা ভবনের উপর নির্মাণকাজ চলছিল। হঠাৎ উপর থেকে একটি মোটা লোহার রড নীচে তাঁদের মাথায় এসে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাঁরা লুটিয়ে পড়েন মাটিতে। দু’জনের আর্ত চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকজন। আহত দু’জনকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কীভাবে লোহার রডটি উপর থেকে এসে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ।  এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়ার পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া। পরে সাংবাদিকদের জানান, এই ঘটনায় পুলিশ মামলা রুজু করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ