Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রমোদনগরের বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পে হামলার ঘটনায় গ্রেপ্তার দুই বিজেপি কর্মী, প্রশাসনের আশ্বাসে ফের চালু হল ইউনিট

দমদমের প্রমোদনগরে ডাম্পিং গ্রাউন্ডের বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিটে হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।

প্রমোদনগরের বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পে হামলার ঘটনায় গ্রেপ্তার দুই বিজেপি কর্মী, প্রশাসনের আশ্বাসে ফের চালু হল ইউনিট
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: দমদমের প্রমোদনগরে ডাম্পিং গ্রাউন্ডের বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিটে হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। এলাকায় তাঁরা বিজেপি কর্মী হিসাবে পরিচিত। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শ্যামল প্রামাণিক ও রাজীব সেন। কারখানা কর্তৃপক্ষ সোমবার রাতে দমদম থানায় অভিযোগ দায়ের করেছিল। তার ভিত্তিতে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তাঁদের গ্রেপ্তার করে। তবে এই ঘটনায় স্থানী বিজেপি বিধায়কের অনুগামী হিসাবে পরিচিত মূল মাথাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। রাজনৈতিক চাপের মুখে বিধায়ক ঘনিষ্ঠদের বিরুদ্ধে পুলিশ আদৌ কোনো পদক্ষেপ করবে কি না, তা নিয়ে দমদমজুড়ে চর্চা বাড়ছে। সেই সঙ্গে প্রশাসনের আশ্বাসে দু’দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ফের ওই ইউনিটে কাজ শুরু হয়েছে। 

Advertisement

শনিবার রাতে প্রমোদনগরের ওই প্রকল্পে বিধায়ক অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ। ‘বিজেপির ছেলেদের’ কাজ দেওয়া ও মাসে মাসে তোলার দাবিতে ইউনিটের ম্যানেজারকে মারধর করার পাশাপাশি তাঁকে রাতেই বিধায়ক অফিসে যেতে বাধ্য করা হয়। সেখানে তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়। ওই কারখানার এক ম্যানেজার রোহিত সিংহ এদিনও সংবাদমাধ্যমকে বলেন, ‘ওরা আচমকা সাইটে ঢুকে মারধর ও হুমকি দেওয়ার পর ক্লাস্টার ম্যানেজার রীতেশ আগরওয়ালকে সুভাষপল্লি এলাকায় বিধায়ক কার্যালয়ে যাওয়ার নিদান দেয়। রীতেশবাবুর সঙ্গে আমরা বাকি ম্যানেজার ও কর্মী মিলিয়ে প্রায় ১৫ জন যাই। বিধায়ক তখন সেখানে ছিলেন না। কিন্তু বিধায়কের ঘনিষ্ঠরা চরম দুর্ব্যবহার করে হুমকি দেয়। তবে সোমবার বিধায়ক নিজে আমাদের সঙ্গে বসে প্রোজেক্ট চালু করতে বলেছেন। কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন। তাই কাজ শুরু হয়েছে। তবে একনও অনেক কর্মী ভয়ে আসছেন না।’ কারখানা কর্তৃপক্ষের অভিযোগ মানতে নারাজ দমদমের বিধায়ক অরিজিৎ বক্সি। তিনি বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। কাজ চালু করতে বলা হয়েছে। ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে। কোনো অভিযোগে কেউ প্রতিবাদ করতেই পারেন। কিন্তু আইন ভঙ্গ হলে প্রশাসন পদক্ষেপ করবে। একইভাবে স্থানীয়দের সমস্যা যাতে না হয়, তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।’ এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘বিজেপির বিরুদ্ধে যেসব অভিযোগ উঠছে, সেগুলি অনেক ক্ষেত্রে তিল কে তাল করা হচ্ছে। বিজেপি একমাত্র দল, যারা তাদের কারও বিরুদ্ধে অভিযোগ উঠল পদক্ষেপ গ্রহণ করে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ