Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

১ কেজি ৩০০ গ্রাম ইয়াবা সহ তুফানগঞ্জ শহরে ধৃত ২

১ কেজি ৩০০ গ্রাম ইয়াবা সহ তুফানগঞ্জ শহরে ধৃত ২
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ও সংবাদদাতা, তুফানগঞ্জ: গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে তুফানগঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডের থানার মোড়ে ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করে শিলিগুড়ি এসটিএফের একটি দল। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১ কেজি ৩০০ গ্রাম ইয়াবা। পুলিস জানিয়েছে, ধৃতরা হল নুরুল হোসেন এবং মনোয়ারা বেওয়া। তারা দু’জনেই দিনহাটা মহকুমার বাসিন্দা। নেশার সামগ্রী এরা শিলচর থেকে দিনহাটার সাহেবগঞ্জের উদ্দেশে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা রুজু করে এসটিএফ তদন্ত শুরু করেছে। 

Advertisement

সূত্রের খবর, শনিবার রাতে অসম থেকে তুফানগঞ্জের থানা মোড়ে নেমে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই দুই পাচারকারী। সূত্র মারফত খবর পেয়ে এসটিএফের অফিসাররা আগে থেকেই সেখানে ওত পেতে ছিলেন। এরপর পাচারকারীরা টোটো ভাড়া করে দিনহাটার উদ্দেশে রওনা হওয়ার আগেই তাদেরকে হাতেনাতে ধরে ফেলে পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স। 
এরপর ব্যাগে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ কর্তব্যরত পুলিসকর্মীদের। ব্যাগে লুকোনো ছ’টি প্যাকেটের প্রতিটিতেই ছিল ইয়াবা। উদ্ধার ট্যাবলেটের বাজার মূল্য ২৫ লক্ষ টাকা। ১৭ নম্বর জাতীয় সড়ককে ট্রানজিট পয়েন্ট করে মণিপুর, মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকা থেকে মাদক পশ্চিমবঙ্গে নিয়ে এসে তা ভিনরাজ্যে পাচারের একটি চক্র ক্রমশ সক্রিয় হয়ে উঠছে। পুলিসের চোখে ধুলো দিতে কখনও গাড়িতে গোপন চেম্বার বানিয়ে, তো আবার কখনও বাইকে করে পাচারের ছক কষা হচ্ছে। 
গত তিনমাসে তুফানগঞ্জ ও বক্সিরহাট থানার পুলিস ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে। এদিনের ঘটনায় বড় কোনও চক্রের যোগ রয়েছে কিনা ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে সেই ব্যাপারে নিশ্চিত হতে চাইছেন পুলিস অফিসাররা। এসটিএফের শিলিগুড়ি ইউনিটের এসপি ইন্দ্রজিৎ বসু জানিয়েছেন, অন্তঃরাজ্য মাদক পাচারকারী এক মহিলা ও এক পুরুষকে তুফানগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্তে নামা হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ