নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উত্তরপ্রদেশ থেকে হুগলির বাঁশবেড়িয়ায় হেরোইন সরবরাহ করতে এসে হাতেনাতে ধরা পড়ল পাচারকারী। বুধবার দুপুরে বাঁশবেড়িয়ার উদ্বাস্তু পুনর্বাসন ক্যাম্প এলাকায় হেরোইন হাতবদলের সময় মগরা থানার পুলিস তাকে গ্রেপ্তার করে। পাশাপাশি যার হাতে মাদক তুলে দেওয়া হয়েছিল, তাকেও পাকড়াও করেছে পুলিস। বুধবার দুপুরের এই অভিযানকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হুগলি গ্রামীণ পুলিস জানিয়েছে, মাদক সরবরাহকারীর নাম কাশীনাথ গুপ্তা। সে উত্তরপ্রদেশের বারেলির বাসিন্দা। অন্যদিকে, বাঁশবেড়িয়ার কলবাজারের বাসিন্দা বিজয় জয়সওয়ালকেও মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিস একটি স্কুটি ও ২০৮ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে। ওই হেরোইনের বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা।
সাম্প্রতিক অতীতে হুগলিতে হেরোইন বাজেয়াপ্ত হওয়ার ঘটনা ঘটেনি। চলতি বছরের শুরু থেকে হুগলির বিভিন্ন জায়গায় অবৈধভাবে পোস্ত চাষ শুরু হয়েছিল। বিশেষত পোলবা ও বলাগড়ে অভিযান চালিয়ে গ্রামীণ পুলিস একাধিক জমিতে পোস্ত চাষ নষ্ট করে দেয়। পোস্তর আঠা থেকে বিশেষ পদ্ধতিতে হেরোইন তৈরি হয়। ফলে, জেলায় হেরোইন তৈরির ছক কার্যত বানচাল হয়ে গিয়েছে। সেকারণেই জেলায় সরাসরি হেরোইন সরবরাহ করা হচ্ছিল কি না, তা তদন্ত করে দেখছে পুলিস। এদিন গ্রামীণ পুলিসের ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র অভিযানের নেতৃত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে। সমস্ত দিকই খতিয়ে দেখা হবে। ধৃতদের পুলিস হেফাজতে নেওয়ার তৎপরতা শুরু হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার পুলিস কর্তারা বিশেষ সূত্রে হেরোইন পাচারের খবর পান। তত্ত্বতলাশ করে পুলিস জানতে পারে, বারেলি থেকে কাশীনাথ গুপ্তা নামে এক ব্যক্তি হেরোইন নিয়ে ট্রেনে করে আসছে। বাঁশবেড়িয়ার উদ্বাস্তু পুনর্বাসন ক্যাম্পে হেরোইন হাতবদল হবে। সেখানে বাঁশবেড়িয়ার এক ব্যক্তি তা নিতে আসবে। এরপরই তাদের হাতেনাতে ধরার পরিকল্পনা করা হয়। রেল স্টেশন থেকে উদ্বাস্তু পুনর্বাসন ক্যাম্প পর্যন্ত সাদা পোশাকের পুলিস নজরদারি শুরু করে। যথাসময়ে এক ব্যক্তি স্কুটি চালিয়ে ক্যাম্পের কাছে এসে অপেক্ষা করতে শুরু করে। কিছু সময় পর কাশীনাথ এলে হেরোইন হাতবদল হয়। ততক্ষণে গ্রামীণ পুলিস কর্তাদের সঙ্গে মগরার আইসি সহ অফিসাররা ওই ক্যাম্প ঘিরে ফেলেন। দু’জনকেই হাতেনাতে ধরা হয়। তাদের কাছ থেকে একটি প্লাস্টিকের প্যাকেটে থাকা হেরোইন বাজেয়াপ্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দু’জনকেই এদিন চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছিল।
তাৎপর্যপূর্ণভাবে সম্প্রতি হুগলির পাণ্ডুয়া থেকে বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। প্রায় ১০১ কেজি গাঁজা পাণ্ডুয়ায় মজুত করে রাখা ছিল। ফলে, পোস্ত চাষ, গাঁজার পর হেরোইন, হুগলিতে মাদক আমদানির বাড়বাড়ন্ত নিয়ে পুলিস মহলে চর্চা শুরু হয়েছে।