নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিগত পাঁচ বছরে কলকাতা মেট্রোয় ১৯টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার লোকসভায় এমনই উদ্বেগজনক তথ্য দিয়েছে রেলমন্ত্রক। এই ইস্যুতে লোকসভায় লিখিত প্রশ্ন করেছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়। তারই জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লিখিতভাবে যে পরিসংখ্যান পেশ করেছেন, তাতে চোখ কপালে উঠেছে সংশ্লিষ্ট মহলের। বলা হয়েছে, ২০২০ সালে একটি, ২০২২ সালে ৫টি, ২০২৩ সালে ৪টি এবং ২০২৪ সালে ৭টি আত্মহত্যার ঘটনা ঘটেছে কলকাতা মেট্রোয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এহেন ঘটনা ঘটেছে দু’টি। এই পাঁচ বছরের মধ্যে একমাত্র ২০২১ সালেই কলকাতা মেট্রোয় কেউ আত্মহত্যা করেননি। একইসঙ্গে রেলমন্ত্রীর আশ্বাস, আত্মহত্যা রোধে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও উদ্যোগ গ্রহণ চলছে। উদাহরণস্বরূপ তিনি জানিয়েছেন, কলকাতা মেট্রোর গ্রিন লাইনে ১২টি স্টেশনেই স্লাইডিং দরজার বন্দোবস্ত করা হয়েছে। একইসঙ্গে স্লাইডিং ডোরের পরিবর্তে ‘ব্যারিয়ার’ বসানোর পাইলট প্রজেক্ট কালীঘাট মেট্রো স্টেশন থেকে ইতিমধ্যেই শুরু করা হয়েছে।



