নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলি জেলাজুড়ে পরিস্রুত পানীয় জলই শুধু নয়, ঠান্ডা জলও সরবরাহ করতে চায় জেলা পরিষদ। সেই লক্ষ্যে একটি মেগাপ্রকল্প হাতে নেওয়া হয়েছে। জেলার চারটি মহকুমায় ২০০টি ঠান্ডা ও পরিস্রুত জল সরবরাহ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, ১৮টি ব্লকে একসঙ্গে ১৮০টি জলসত্র তৈরির প্রকল্প অনুমোদন হয়েছে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে গুরুত্ব দিয়েই এই প্রকল্প রূপায়ণ করা হবে। সঙ্গে সংশ্লিষ্ট ব্লকে যেখানে বাড়তি জনসমাগম হয়, সেইসব এলাকাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শেষ করে প্রকল্প বাস্তবায়নের কাজে হাত দিয়েছে জেলা পরিষদ।
জানা গিয়েছে, পরিস্রুত ও ঠান্ডা পানীয় জলের প্রকল্পের জন্য ৩ কোটি ৯৬ লক্ষ টাকা বরাদ্দ করেছে জেলা পরিষদ। তিন মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, জলসত্র তৈরির জন্য ৭ কোটি ৬৪ লক্ষ ৯৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ দেবীপ্রসাদ রক্ষিত বলেন, জেলাজুড়ে সমীক্ষা করে এই প্রকল্প রূপায়ণের খসড়া তৈরি করা হয়েছে। আমরা সব মিলিয়ে প্রায় সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ করেছি। অতীতে পরিস্রুত পানীয় জলের চাহিদা বেশি ছিল। বর্তমানে অত্যধিক গরমের কারণে ঠান্ডা পানীয় জলের দাবি সামনে এসেছে। সেই চাহিদাও আমরা পূরণের উদ্যোগ নিয়েছি। স্কুল, কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বাজার বা হাটে এই প্রকল্প রূপায়ণে গুরুত্ব দেওয়া হয়েছে। হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় বলেন, জেলা পরিষদ এবার মানুষের দাবিকে মান্যতা দিয়েই প্রকল্প গ্রহণের নীতি নিয়েছে। সেই মোতাবেক এই কাজে হাত দেওয়া হয়েছে।
হুগলি জেলা পরিষদ অতীতেও জলসত্রের মতো প্রকল্প রূপায়ণ করেছে। কিন্তু এই প্রথম জলসত্রের সঙ্গে ঠান্ডা জলের উৎস তৈরির উপর জোর দিয়েছে। পাশাপাশি, পানীয় জলের বিপুল সংখ্যক উৎস তৈরি কাজ এবারই প্রথম করা হচ্ছে।