সংবাদদাতা, বজবজ: চড়িয়াল থেকে বাখরাহাট পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার রাজ্য সড়ক এবার সংস্কার করতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা পূর্তবিভাগ। এজন্য ১৪ কোটি টাকা মঞ্জুর হয়েছে। দরপত্র আহ্বান এবং সেখান থেকে নির্দিষ্ট সংস্থার সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে। পূর্তবিভাগ সূত্রে জানা গিয়েছে, একমাসের ভিতর কাজ শুরু করতে বলা হয়েছে। কারণ, বর্ষার আগেই রাস্তা সংস্কার সম্পূর্ণ করতে হবে।
বজবজের চড়িয়াল থেকে রায়পুর হয়ে বাখরাহাট পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির পাশে তিনটি গ্রাম পঞ্চায়েত, একাধিক উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ছাড়াও প্রচুর জনবসতি, দোকান-বাজার রয়েছে। হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। এছাড়াও এই সড়ক দিয়ে রোজ অগুনতি পণ্যবাহী গাড়ি, অটো, মোটরবাইক, যাতায়াত করে। এই সড়ক দিয়ে একদিকে যেমন বজবজ থেকে তারাতলা যাওয়া যায়, অন্যদিকে বাখরাহাট হয়ে ডায়মন্ডহারবার রোডেও যাতায়াত সহজ হয়। তবে সড়কের উভয়দিকে ভালো জল নিকাশি ব্যবস্থা না থাকায় বিশেষত বর্ষার সময় চড়িয়াল থেকে বাখরাহাট রাস্তা দ্রুত খারাপ হয়ে যায়।
এবার তাই অন্য কায়দায় রাস্তাটি সংস্কার করার পরিকল্পনা হয়েছে। সব মিলিয়ে ১৮ কিলোমিটার রাস্তার কোথাও বিটুমিনাস, কোথাও ম্যাস্টিক অ্যাসফল্ট, কোথাও পেভার ব্লক বসানো হবে। বিশেষ করে যেখানে যেখানে জল জমে সেই জায়গা পেভার ব্লক বসানো হবে। তাতে করে অনেকদিন রাস্তা মজবুত থাকবে। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের প্রাক্তন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং ওই এলাকার বাসিন্দা ডাঃ তরুণ রায় বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কের বেহাল অবস্থার জন্য যাতায়াত কষ্টকর হচ্ছে। সেদিকে লক্ষ্য রেখে সরকারিভাবে এই পদক্ষেপ গ্রহণ করায় এলাকাবাসী খুশি।