Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

খুনের মামলায় দোষী সাব্যস্ত ১৬ জন

এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে খুনের মামলায় সোমবার ১৬ জনকে দোষী সাব্যস্ত করল চাঁচল মহকুমা আদালত। সকলেই মৃতের প্রতিবেশী।

খুনের মামলায় দোষী সাব্যস্ত ১৬ জন
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে খুনের মামলায় সোমবার ১৬ জনকে দোষী সাব্যস্ত করল চাঁচল মহকুমা আদালত। সকলেই মৃতের প্রতিবেশী। আজ, মঙ্গলবার সাজা ঘোষণা হবে বলে আদালত সূত্রে খবর।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের মার্চ মাসে হরিশ্চন্দ্রপুর থানার আঙ্গারমুনি এলাকায় একটি জমি নিয়ে প্রতিবেশীদের একাংশের সঙ্গে বিবাদ শুরু হয় মৃতের পরিবারের। ২৫ মার্চ বিকেলে পাঁচজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ভবতোষ সাহা ও তাঁর খুড়তুতো ভাই পূর্ণ সাহাকে। গ্রামের রাস্তায় দু’জনকে ঘিরে ধরে এলোপাথাড়ি মারধর করে ১৯ জন। পূর্ণ ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে পারলেও ভবতোষকে চাকু দিয়ে খুন করা হয়। পরের দিনই ১৯ জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন নিহতের স্ত্রী ললিতা। আদালত সূত্রে খবর, চাঁচল কোর্টের অতিরিক্ত জেলা জজ সুরজিৎ দের এজলাসে ওই মামলার শুনানি ছিল। মোট ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়। মামলা চলাকালীন দু’জনের মৃত্যু হয়েছে। প্রমাণের অভাবে অভিযুক্ত রেবতী দাসকে নির্দোষ ঘোষণা করে বিচারক। এদিন ১৬ জনকে দোষী সাব্যস্ত করেছেন তিনি।  
এদিন মৃতের স্ত্রী বলেন, স্বামীর মৃত্যুর যন্ত্রণা নিয়ে ৯ বছর কাটিয়েছি। আইনের উপর আস্থা রেখেছিলাম বলেই আজ শাস্তি পাওয়া দেখতে পাচ্ছি। খুনিদের ফাঁসির সাজা চাই।
মামলার সরকারি আইনজীবী সুব্রত রায় বলেন, ১৬ জনকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। মঙ্গলবার সাজা ঘোষণা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ