বাস উলটে জখম শিশু-মহিলা সহ ১৬
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ঝুঁকির যাত্রা পথ হয়ে উঠেছে বর্ধমান-আরামবাগ রোড। দুর্ঘটনা এই রাস্তার রোজনামচা হয়ে উঠেছে। বৃহস্পতিবার সকালে এই রাস্তার গোপালপুরে একটি যাত্রীবাহী বাস উলটে যায়। শিশু, মহিলা সহ ১৬ জন যাত্রী জখম হয়েছেন। তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। বাসটি আরামবাগ থেকে বর্ধমানের দিকে আসছিল। সেই সময় গোপালপুর মোড়ের কাছে বাসটির যন্ত্রাংশ ভেঙে যায়। চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় বাসটি উলটে যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সাত থেকে আটজনের আঘাত গুরুতর। পুলিশের দাবি, বাসের বয়স ৪৬ বছর। বহু বছর ধরে বাসটি চলায় যন্ত্রাংশ দুর্বল হয়ে পড়েছে। বহু পুরানো বাসটির রক্ষণাবেক্ষণ ঠিক মতো হয়েছিল কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যাত্রী আকাশ দাস বলেন, বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। হঠাৎ করেই ঝাঁকুনি দিয়ে উলটে যায়। সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। যাত্রীদের দাবি, এত পুরানো বাস বাতিল করা দরকার। পুরনো বাসগুলি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ায় হামেশায় দুর্ঘটনা ঘটছে।এদিনই পুরশুড়ায় সরকারি অনুষ্ঠান এবং দুর্গাপুরে বিজেপি’র কর্মসূচি থাকায় জেলার বহু বাস তুলে নেওয়া হয়েছিল। হাতে গোনা কয়েকটি বাস চলায় ব্যাপক দুর্ভোগে পড়তে হয়।

Advertisement