Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁদমণিতে নাকা চেকিং, উদ্ধার ১৫৫ গ্রাম মাদক সহ আড়াই লক্ষ টাকা, গ্রেপ্তার ১

মাটিগাড়ার চাঁদমণি এলাকা থেকে ১৫৫ গ্রাম ব্রাউন সুগার ও নগদ আড়াই লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের গোয়েন্দা বিভাগ।

চাঁদমণিতে নাকা চেকিং, উদ্ধার ১৫৫ গ্রাম মাদক সহ আড়াই লক্ষ টাকা, গ্রেপ্তার ১
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বাগডোগরা: মাটিগাড়ার চাঁদমণি এলাকা থেকে ১৫৫ গ্রাম ব্রাউন সুগার ও নগদ আড়াই লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের গোয়েন্দা বিভাগ। রবিবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চাঁদমণি চা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালায় গোয়েন্দা বিভাগ। ধৃত বাপি সিংহের হেফাজত থেকে মেলে ওই মাদক ও টাকা। পুলিস জানিয়েছে, ধৃত মাটিগাড়ারই বাসিন্দা। রবিবার রাতে থানায় খবর আসে এক ব্যক্তি ব্রাউন সুগার নিয়ে বাগডোগরার দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছে। ১০ নম্বর জাতীয় সড়কের চাঁদমণি চা বাগান চত্বরে পুলিসের নাকা চেকিংয়ের সময় সন্দেহভাজন একটি স্কুটার দাঁড় করান গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। স্কুটারের ডিকি খুলতেই বাজারের ব্যাগের মধ্যে থাকা একটি প্যাকেটে ১৫৫ গ্রাম ব্রাউন সুগার ও আড়াই লক্ষ টাকা উদ্ধার হয়। এরপরই ওই স্কুটার চালক বাপি সিংহকে গ্রেপ্তার করে ডিডি। তদন্তকারীদের অনুমান, অভিযুক্তের কাছে আরও ব্রাউন সুগার ছিল। কিছুটা বিক্রি করে সেই টাকা সঙ্গে নিয়ে বাকি ব্রাউন সুগার বিক্রির জন্য শিলিগুড়ি শহরের দিকে যাচ্ছিল সে। ধৃতের বিরুদ্ধে এর আগেও মাদক পাচারের একাধিক অভিযোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারী পুলিস অফিসাররা। মাটিগাড়ার থানার এক অফিসার জানিয়েছেন, ধৃত ব্যক্তি মাদক কোথা থেকে এনেছিল, কোথায় পাচার করছিল তা জানার চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তাদের খোঁজ চলছে। - নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ