Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফেসবুকে বৃদ্ধাকে ক্রেডিট কার্ডের অফার ক্লিক করতে উধাও দেড় লক্ষ টাকা

অবসরে বসে ফেসবুক স্ক্রল করেছিলেন বৃদ্ধা। হঠাৎ চোখে পড়ে ক্রেডিট কার্ডের অফারের বিজ্ঞাপন। কৌতূহলে সেখানে ক্লিক করতেই মোবাইলে পরপর মেসেজ।

ফেসবুকে বৃদ্ধাকে ক্রেডিট কার্ডের অফার ক্লিক করতে উধাও দেড় লক্ষ টাকা
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অবসরে বসে ফেসবুক স্ক্রল করেছিলেন বৃদ্ধা। হঠাৎ চোখে পড়ে ক্রেডিট কার্ডের অফারের বিজ্ঞাপন। কৌতূহলে সেখানে ক্লিক করতেই মোবাইলে পরপর মেসেজ। ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও দেড়লক্ষ টাকা! এমনই অভিনব প্রতারণার শিকার হয়েছেন নিউটাউনের এক বৃদ্ধা। মাথায় হাত পড়েছে তাঁর। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে সোমবার তিনি সল্টলেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

 
বৃদ্ধার বয়স ৬২। তিনি নিউটাউনের ডিসি ব্লকের একটি আবাসনে থাকেন। ফেসবুকে তিনি যে বিজ্ঞাপনটি দেখেছিলেন, তার নীচে একটি লিঙ্ক দেওয়া ছিল। বিস্তারিত জানার জন্য তিনি সেই লিঙ্কে ক্লিক করেন। তারপরই তাঁর মোবাইল হ্যাক হয়ে যায়। তাঁর মোবাইল ফোনের কল ফরওয়ার্ডিং অ্যাক্টিভ হয়ে যায়। কোনো কাজ তিনি ফোনে করতে পারছিলেন না। ফোনের অ্যাকশেস চলে যায় প্রতারকদের হাতে। তারপরই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যায় ১ লক্ষ ৫৮ হাজার টাকা। উল্লেখযোগ্য বিষয় হল, ওই বৃদ্ধার চারটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সেখান থেকেই এই টাকা খোয়া গিয়েছে। সাইবার বিশেষজ্ঞদের কথায়, যেহেতু ওই বৃদ্ধার ফোনের অ্যাকশেস প্রতারকদের হাতে চলে গিয়েছিল এবং কল ফরওয়ার্ডিং হয়ে গিয়েছিল, তাই টাকার তোলার জন্য ওটিপিও গিয়েছে প্রতারকদের কাছেই। তাঁদের পরামর্শ, কোনো ধরনের অচেনা লিঙ্কে ক্লিক করা চলবে না। ক্লিক করলেই বিপদ হতে পারে। প্রতারণার জন্যই সোশ্যাল মিডিয়ায় প্রতারকরা এই ধরনের ফাঁদ পাতে। অনেকে ফেসবুকে বন্ধু পাতিয়েও নানা ধরনের প্রলোভন দেখায়। তা‌ই অচেনা লিঙ্ক, সন্দেহজনক বিজ্ঞাপন, কোনো অপরিচিত সংস্থা থেকে বড়ো ধরনের অফার দেখলে সতর্ক হতে হবে। প্রয়োজনে কোনও অফার জানতে হলে সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে কথা বলতে হবে। অনেক সময় প্রতারকরা গুগলেও কাস্টমার কেয়ারের নামে নিজেদের নম্বর দিয়ে রাখে। তাই প্রয়োজন পড়লে গুগলে নম্বর সার্চ করার সময় ভালো করে খেয়াল রাখতে হবে। তা না হলেও বিপদে পড়তে হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ