নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন কোম্পানির প্রায় ১৫০টি ওষুধকে নিম্নমানের চিহ্নিত করে দেশজুড়ে সতর্কতা জারি করল কেন্দ্রীয় এবং বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোল। এই তালিকায় অসংখ্য জীবনদায়ী ইঞ্জেকশন, অ্যান্টিবায়োটিক ছাড়াও রয়েছে প্রেশার, বমি, পেট খারাপ, গ্যাস-অম্বল, জ্বরজারি, ব্যথা সহ নানা ধরনের রোগের ওষুধ। এর মধ্যে ৯৭টি ওষুধ সম্পর্কে দেশজুড়ে সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য ড্রাগ কন্ট্রোল। ৪৬টি ওষুধ নিয়ে সাবধান করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। তালিকায় ওষুধের নাম ছাড়াও ব্যাচ নম্বর, কবে তৈরি হয়েছে, মেয়াদ কবে শেষ হচ্ছে, নির্মাতার নাম এবং ফার্মের সম্পূর্ণ ঠিকানা, নির্মাতা কোন রাজ্যের, কোথায় সেই ওষুধের পরীক্ষা হয়েছে, কেন ওষুধটিকে নিম্নমানের বা ‘নট অব স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ তালিকাভুক্ত করা হয়েছে—সবটারই যুক্তি সহ বিস্তারিত তথ্য রয়েছে। রাজ্য ড্রাগ কন্ট্রোলগুলির জারি করা নির্দেশনামায় পশ্চিমবঙ্গ সরকার জ’পুর রোডের একটি ওষুধ নির্মাতার তৈরি র্যাবেপ্রাজোল সম্পর্কে সতর্ক করেছে। ওষুধটি গ্যাসট্রিক আলসার ও অ্যাসিড রিফ্লাক্সে ব্যবহার করা হয়।



