Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব মেদিনীপুরে আজ থেকে মনোনয়ন জমা, নন্দীগ্রাম-১ ও ২ ব্লক সহ জেলার ১৩ জন বিডিও বদলি

২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটের জন্য আজ, সোমবার থেকেই মনোনয়নপত্র জমা শুরু হচ্ছে। তার ২৪ঘণ্টা আগে পূর্ব মেদিনীপুর জেলায় একসঙ্গে ১৩জন বিডিওকে বদলি করল নির্বাচন কমিশন।

পূর্ব মেদিনীপুরে আজ থেকে মনোনয়ন জমা, নন্দীগ্রাম-১ ও ২ ব্লক সহ জেলার ১৩ জন বিডিও বদলি
  • ৩০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটের জন্য আজ, সোমবার থেকেই মনোনয়নপত্র জমা শুরু হচ্ছে। তার ২৪ঘণ্টা আগে পূর্ব মেদিনীপুর জেলায় একসঙ্গে ১৩জন বিডিওকে বদলি করল নির্বাচন কমিশন। এই ভোটে প্রত্যেক বিডিও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে কাজ করছেন। গেজেট নোটিফিকেশনের আগেরদিন একসঙ্গে ১৩জন বিডিওর বদলি নজিরবিহীন। তালিকায় নন্দীগ্রাম বিধানসভার অধীন দুই বিডিও আছেন। এর আগে ২৩মার্চ রাতে এই জেলায় ১৬জন রিটার্নিং অফিসারের ১০জনকেই বদলি করে দেয় কমিশন। তাঁদের অধিকাংশই এক সপ্তাহের ব্যবধানে কর্মস্থলে যোগ দিয়েছিলেন। ২৫মার্চ বদলি হয়েছেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক। এবার একসঙ্গে ১৩জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বদলি হলেন।

Advertisement

নন্দীগ্রাম-১ ব্লকের বিডিও নাজিরুদ্দিন সরকারের জায়গায় এলেন সঞ্জয় শিকদার। নন্দীগ্রাম-২ ব্লকের বিডিও হলেন দেবত্তম সরকার। এছাড়া, খেজুরি-১ বিডিও শুভাশিস ঘোষের জায়গায় এলেন সব্যসাচী রায়। চণ্ডীপুরের নতুন বিডিও হলেন রামকুমার মণ্ডল।
 পটাশপুর-২ ব্লকের বিডিও শঙ্খ ঘটকের জায়গায় এলেন রাজাগোপাল মুখোপাধ্যায়। তমলুকের বিডিও ছিলেন ওয়াসিম রেজা। তাঁর জায়গায় নতুন বিডিও হলেন দেবাশিস দত্ত। রামনগর-১ ব্লক ও ২ ব্লকে নতুন বিডিও হিসেবে আসছেন যথাক্রমে শুভাশিস মজুমদার ও শুভদীপ ভড়। কাঁথি-১ ব্লকে নতুন বিডিও হলেন প্রণয় মুখোপাধ্যায়। এছাড়া, এগরা-২ ব্লকে অরিজিৎ গোস্বামী, ভগবানপুর-২ব্লকে অঙ্কিত উপাধ্যায় এবং সুতাহাটায় সৌরভ মাজি নতুন বিডিও হিসেবে যুক্ত হলেন। 
আজ, সোমবার থেকেই মনোনয়ন জমা শুরু হচ্ছে। তমলুক মহকুমা শাসক অফিস এবং ডিএম অফিসে ছ’টি বিধানসভার রিটার্নিং অফিসাররা বসবেন। তাঁদের সঙ্গে এক-দু’জন করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকবেন। এছাড়া, হলদিয়া মহকুমা শাসক অফিসে তিনটি বিধানসভা, কাঁথি মহকুমা শাসক অফিসে চারটি বিধানসভা এবং এগরা এসডিও অফিসে তিনটি বিধানসভার মনোনয়নপত্র জমার কাজ চলছে। চার মহকুমা শাসক চারটি বিধানসভার রিটার্নিং অফিসার। তমলুক মহকুমা শাসক অফিসে শুধুমাত্র তমলুক বিধানসভার মনোনগন জমা হবে। এই মহকুমার বাকি পাঁচটি বিধানসভার মনোনোয়ন জমা হবে ডিএম অফিসে। চারজন এসডিও ছাড়া জেলা হেডকোয়ার্টারে কর্মরত ১২জন সিনিয়র ডব্লুবিসিএস অফিসার রিটার্নিং অফিসার। জানা গিয়েছে, মনোনয়ন প্রক্রিয়া চলাকালীন ১৬৩ধারা চালু থাকবে। সবকটি জায়গায় চেকগেট বসানো হয়েছে। সেখানে পুলিশ এবং আধাসেনা থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ