নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গড়িয়াহাটে অভিজাত ব্যবসায়ীর বাড়ি থেকে দামি দামি গ্রহরত্ন বসানো একশোটি আংটি হাতিয়ে নেওয়ার অভিযোগ গ্রেপ্তার হল গাড়ির চালক। অভিযুক্ত রবি খাঁড়াকে সোমবার গভীর রাতে গ্রেপ্তার করেছে গড়িয়াহাট থানা। চুরি যাওয়া আংটিগুলির সবমিলিয়ে মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। সেগুলি উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রবি বছর দশেক ধরে ওই বাড়িতে কাজ করে। সেই সুবাদে বাড়ির অন্দরমহলে যাতায়াত ছিল। বাড়ির আলমারির চাবি কোথায় থাকে জেনে ফেলে। বাড়ির সকলেই তাকে বিশ্বাস করত। এই বিশ্বাসের সুযোগ নিয়ে সে আলমারির নকল চাবি তৈরি করে। বাড়িতে এসে মাঝেমধ্যেই আলমারি থেকে সোনার আংটি হাতাত। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি ওই ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যরা। এক এক করে সে একশোটি সোনার আংটি হাতিয়ে নেয়। সমস্ত আংটিতেই দামি দামি গ্রহরত্ন বসানো ছিল। কয়েকদিন আগে বাড়ির লোকজন অনুষ্ঠানের জন্য আলমারি থেকে আংটি বের করতে গিয়ে দেখেন কোনো কিছুই নেই। এক-দুটি নয়। সেখানে রাখা একশোটি আংটি চুরি গিয়েছে। তাঁরা সন্দেহ করেন এই ঘটনায় ভিতরের কেউ জড়িত রয়েছে। বাইরের কেউ হলে আলমারির লক ভেঙে চুরি করত। গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ করে ওই পরিবার। সেখানে উল্লেখ করা হয় দামি গ্রহরত্ন বসানো একশোটি আংটি চুরি গিয়েছে। তার ভিত্তিতে তদন্তে নেমে ওই বাড়িতে যাতায়াত রয়েছে এমন ব্যক্তিদের নামের তালিকা নেওয়া হয়। তদন্তকারীদের সন্দেহ হয় গাড়ির চালকের উপর। কারণ থানায় অভিযোগ হয়েছে জানতে পারার পরই সে ওই বাড়িতে আর কাজে আসছিল না। সোমবার তাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে স্বীকার করে সোনার আংটি চুরির কথা। তবে এই প্রথম নয়। এর আগে সে ও ওই বাড়ির এক পরিচারিকা মিলে সোনার অলংকার হাতিয়েছিল। কিন্তু সেবার ওই পরিবার তাকে রেহাই দিয়েছিল।