সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া পুরসভা এলাকায় আরও একটি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হল। পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ায় উড়ালপুলের পাশে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বুধবার উদ্বোধন করেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যরা।
উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, নতুন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তৈরি করতে খরচ হয়েছে ৬ লক্ষ ৯৬ হাজার টাকা। কেন্দ্রটিতে দু’টি ক্লাসঘর ছাড়াও শৌচাগার, রান্নাঘর এবং স্টোর রুম থাকছে। বর্তমানে পুরসভার ৩২টি ওয়ার্ডে ১৩৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। এর মধ্যে ৩৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নতুনভাবে তৈরি করা হয়েছে। এছাড়াও ৪২টি পুরনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সংস্কার করা হয়েছে। আরও ৪০টি পুরনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সংস্কার করা হবে।
এদিন নয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির উদ্বোধন করে চেয়ারম্যান অভয় দাস জানান, ২০০৫ সাল থেকে একটি ঘরে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলছিল। যদিও সেখানে পরিকাঠামোগত একাধিক সমস্যা থাকায় পড়ুয়াদের নানা সমস্যা হতো। তাই এই নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়া হল। এখানে পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি পুষ্টিযুক্ত খাবার দেওয়া নিয়ে তিনি সকলকে সর্তক থাকতে অনুরোধ করেন। তিনি বলেন, এই দু’টি পরিষেবা ঠিকমতো দেওয়া হচ্ছে কি না, সেটা দেখতে মাঝেমধ্যেই এখানে সারপ্রাইজ ভিজিট করা হবে। আগামী দিনে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে বিকেলে বয়স্ক শিক্ষা কেন্দ্র চালুর পরিকল্পনার কথাও জানান অভয় দাস।