সংবাদদাতা, জঙ্গিপুর: ১২ নম্বর জাতীয় সড়কের ধার থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম বাদল শেখ। তার বাড়ি সূতি থানার কাশিমনগর গ্রামে। বুধবার সন্ধ্যায় নতুন জালাদিপুর পিলকি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক পাচারের অভিযোগে আগেও সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। ফের সে মাদক পাচার শুরু করে। বৃহস্পতিবার ধৃতকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতকে পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। উদ্ধার হওয়া ৬ হাজার ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেটের ওজন প্রায় ৬৬০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা।
জঙ্গিপুরের অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস বলেন, পুলিশের কাছে খবর ছিল উত্তর ভারত থেকে বাংলায় ইয়াবা ঢুকছে। সেই মতো অভিযান চালায় পুলিশ। ৬৩২৬পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্ত চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকালে হাতে একটি ব্যাগ নিয়ে পিলকি মোড়ে পৌঁছায় বাদল। আগে থেকেই সেখানে ওত পেতে ছিল পুলিশ। তাকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ মাদক। প্রাথমিক জেরায় ধৃত স্বীকার করেছে, নাগাল্যান্ড থেকে ইয়াবাগুলি এনে স্থানীয় এক যুবকের কাছে হাতবদলের পরিকল্পনা ছিল। পরবর্তীতে তা আন্তর্জাতিক সীমানা পার করে বাংলাদেশে পাচারের ছক ছিল। মাদক পাচারের অভিযোগে এর আগেও জেল খেটেছে বাদল। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে সে ফের একই কারবারে লিপ্ত হয়। ব্যস্ততম জাতীয় সড়কের পাশ থেকে এই মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডলও। দীর্ঘদিন এলাকায় ইয়াবা পাচার বন্ধ ছিল। ফের হঠাৎ করে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় তদন্তকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।



