নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রায়গঞ্জ শহরে পুলিস আধিকারিকের স্ত্রীর সোনার হার ছিনতাই কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হল জলপাইগুড়ির ফাটাপুকুর থেকে। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে চন্দন গোয়ালা (৫২) নামে ওই অভিযুক্তকে পাকড়াও করেছে রায়গঞ্জ থানার পুলিস। ধৃতের কাছ থেকে খোয়া যাওয়া হার উদ্ধার না হলেও ছিনতাইয়ে ব্যবহৃত বাইক, হেলমেট, সাড়ে ১৫ হাজার টাকা বাজেয়াপ্ত হয়েছে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, ১৭ জুলাই রাতের ছিনতাইকাণ্ডে একজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পাঁচদিনের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতের আরও এক সঙ্গীর সন্ধান চলছে। গত ১৭ জুলাই রাতে বীরনগরের বাসিন্দা গৃহবধূ ডলি দত্ত আত্মীয়ের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন দেহশ্রী ব্যায়ামাগার এলাকায়। তিনি টোটোয় চেপে এলাকায় পৌঁছন। অভিযোগ, সেই আত্মীয়ের বাড়িতে ঢুকতে যাবেন, এমন সময় পিছন থেকে বাইকে এসে আচমকা মহিলার গলার হার ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। চোর চোর বলে কিছুটা ধাওয়া করার চেষ্টা করেও বাইকে বসা ছিনতাইবাজদের ধরা যায়নি। দ্রুত তারা অন্ধকারে মিলিয়ে যায় দেহশ্রী ব্যায়ামাগার থেকে জাতীয় সড়কগামী গলির দিকে। এরপরই রায়গঞ্জ থানার দ্বারস্থ হন ডলি।



