ঢাকা: বাংলাদেশে সাধারণ নির্বাচন আয়োজন নিয়ে অনড়ই থাকলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। চলতি বছরে যে নির্বাচন হচ্ছে না, শুক্রবার ফের একবার জানিয়ে দিলেন তিনি। ঈদ-উল-আযহা উপলক্ষ্যে এদিন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন ইউনুস। তিনি জানান, ২০২৬ সালের এপ্রিলের প্রথম দিকে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা জানান, বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রক্রিয়া পর্যালোচনা করেই এপ্রিলে নির্বাচনের সময় ঠিক করা হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশন ঠিক সময়ে বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করবে।
এর আগে ইউনুস বারবার দাবি করেছিলেন, আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল দাবি করেছে, চলতি বছরেই নির্বাচন আয়োজন করতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজনের দাবিতে লক্ষাধিক মানুষের সমাবেশও করে বিএনপি। তার আগে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও একই দাবি করেছিলেন। তারপরই ইউনুস ইস্তফা দিতে পারেন বলে জল্পনা ছড়ায়। তবে প্রধান উপদেষ্টার পদ ছাড়েননি তিনি। ওয়াকিবহাল মহলের মতে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনে রাজি নয় ‘বৈষম্যবিরোধী’ পড়ুয়াদের দল জাতীয় নাগরিক পার্টি। তাই প্রবল চাপের মুখেও এই বছরে নির্বাচনে রাজি নন ইউনুস। তাই জুনের বদলে এপ্রিলে নির্বাচনের কথা বলে আপাতত স্থিতাবস্থা বজায় রাখতে চাইলেন তিনি। এদিনের ভাষণে ইউনুস বলেন, ‘আমাদের ভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশ তৈরি হবে। শহিদদের রক্তদান সার্থক হবে। আশা করি, চিন্তাভাবনা করেই সবাই ভোটকেন্দ্রে যাব এবং দৃঢ় প্রত্যয়ে ভোট দেব।’ তাঁর বক্তব্য, ‘এখন থেকেই চিন্তাভাবনা, আলোচনা শুরু করুন। এখন থেকে আপনাদের ভোটের গুরুত্ব বুঝে নিন।’