Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মধ্যপ্রদেশে কাজে গিয়ে রহস্যমৃত্যু যুবকের, ফেসবুকে জানল পরিবার, বাংলাভাষি হওয়ায় পরিকল্পনা করে খুন, অভিযোগ

মধ্যপ্রদেশে কাজ করতে গিয়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম বিদ্যুৎ বেরা (৩৯)। বাড়ি আমতা ১ নম্বর ব্লকের উদং ২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব গাজিপুর গ্রামে।

মধ্যপ্রদেশে কাজে গিয়ে রহস্যমৃত্যু যুবকের, ফেসবুকে জানল পরিবার, বাংলাভাষি হওয়ায় পরিকল্পনা করে খুন, অভিযোগ
  • ৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: মধ্যপ্রদেশে কাজ করতে গিয়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম বিদ্যুৎ বেরা (৩৯)। বাড়ি আমতা ১ নম্বর ব্লকের উদং ২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব গাজিপুর গ্রামে। যদিও মৃত বিদ্যুৎবাবুর পরিবারের দাবি, বাংলাভাষি হওয়ায় বিদ্যুৎকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তাঁদের অভিযোগ, বিদ্যুতের মৃত্যুর বিষয়টি ওখানকার পুলিশ তাঁদের জানায়নি। মৃত্যুর কয়েকদিন পর ফেসবুকের মাধ্যমে তাঁরা বিষয়টি জানতে পারেন। পরে মন্ত্রী পুলক রায়, এলাকার বিধায়ক নির্মল মাজি ও হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে শনিবার বিকেলে তাঁর মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছয়।

Advertisement

জানা গিয়েছে, বিদ্যুতের বাড়িতে বৃদ্ধা মা ছাড়াও দুই দাদা ও বউদি আছেন। বেশ কয়েক মাস আগে তিনি মধ্যপ্রদেশে কাঠের কাজ করতে গিয়েছিলেন। তাঁর বউদি মঙ্গলা বেরা জানান, মাসখানেক আগে থেকেই দেওর আমাদের বলত, এখানে বাংলা ভাষায় কথা বলার জন্য তাঁর উপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে। ভাইফোঁটার সময় ওঁর বাড়িতে আসার কথা ছিল। যদিও তারপরও বাড়ি না আসায় ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি আমরা। কিন্তু দেওরের মোবাইল বন্ধ থাকায় ওঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না।
তিনি বলেন, এরপর ফেসবুকে এক মৃত ব্যক্তির ছবি দেখে আমরা সেটি দেওরের বলে শনাক্ত করি। পরে জানতে পারি, ছত্তিশগড়ের বিলাসপুরের একটি জায়গা থেকে ওঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সবিমল পাল জানান, আমরা একটি ‘জিরো এফআইআর’ করে সংশিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করেছি। অন্যদিকে, শনিবার বিকেলে গ্রামে নিয়ে আসার পর মৃতদেহ নিয়ে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। বিধায়ক নির্মল মাজি বলেন, ঘটনার পর ছত্তিশগড় থেকে মৃতদেহ এই রাজ্যে আনার ব্যাপারে ওখানকার প্রশাসন আমাদের সঙ্গে কোনওরকম সহযোগিতা করেনি। আমরা এখান থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে মৃতদেহ আনার ব্যবস্থা করেছি। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর এই ধরনের অত্যাচারের তীব্র প্রতিবাদ করেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ