


নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলাদেশ থেকে নাবালিকাকে বিয়ে করে চোরাপথে ভারতে নিয়ে আসার অভিযোগে যুবককে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি হাবড়ার টুনিঘাটা, নাম বিশ্বজিৎ বাগচি। উদ্ধার হওয়া নাবালিকাকে রাখা হয়েছে হোমে। ঘটনায় আন্তর্জাতিক পাচারচক্র জড়িত কি না, সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, টুনিঘাটার বাসিন্দা বিশ্বজিৎ দুর্গাপুজোর আগে পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যান। সেখানেই তাঁর সঙ্গে বিয়ে হয় গোপালগঞ্জ জেলার কাতারিপাড়ার এক নাবালিকার। এরপর বৈধ পাসপোর্ট দেখিয়ে ভারতে ফেরে বিশ্বজিৎ। কিন্তু নাবালিকা বধূর কোনও পাসপোর্ট ছিল না। দালাল ধরে স্ত্রীকে ১০ নভেম্বর ভারতে নিয়ে আসে বিশ্বজিৎ। পেট্রাপোল দিয়ে মোটা টাকার বিনিময়ে ভারতে আসে বলে দাবি বধূর। প্রথম কয়েকদিন এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল তাকে। কিন্তু এই তথ্য জানতে পারে পুলিশ। এরপর বেআইনি অনুপ্রবেশে সহায়তা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। সোমবার তাকে গ্রেফতার করে মঙ্গলবার অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হলে চারদিনের পুলিশ হেপাজত হয়েছে। পুলিশের এক আধিকারিকের কথায়, নাবালিকার অবৈধ অনুপ্রবেশের পিছনে পাচারচক্র সক্রিয় তা প্রমাণ হল। তাছাড়া ঘনঘন বিশ্বজিৎ কেন বাংলাদেশে যেত, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিশ্বজিৎ এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। দলীয় কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। যদিও বিজেপির দাবি এই নামে তাদের দলের কেউ নেই। ধৃত বিশ্বজিৎ বাগচি।-নিজস্ব চিত্র