Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার মহিলার দেহ

হাসপাতালের শৌচালয় থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বনগাঁয়। বুধবার সকালে মৃতদেহটি সেখানে পড়ে থাকতে দেখা যায়। মৃতার নাম চপলা হাজরা (৪২)।

হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার মহিলার দেহ
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: হাসপাতালের শৌচালয় থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বনগাঁয়। বুধবার সকালে মৃতদেহটি সেখানে পড়ে থাকতে দেখা যায়। মৃতার নাম চপলা হাজরা (৪২)। বাগদা থানার নাটাবেড়িয়ার বাসিন্দা তিনি। খবর পেয়ে পুলিস এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। মৃতার স্বামী কাজল হাজরা বলেন, মঙ্গলবার রাতে স্ত্রীকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেছি। কোথাও তাঁকে পাওয়া যায়নি। এই শৌচালয়ে বেশ কয়েকবার এসেছিলাম। কিন্তু তখন স্ত্রীকে দেখতে পাইনি। সকালে শৌচালয়ের ভিতরে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নাতি অসুস্থ হয়ে পড়লে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে আসে পরিবার। সেখানেই ভর্তি করা হয় তাকে। ওয়ার্ডের বাইরেই রাত কাটাচ্ছিলেন দাদু কাজল হাজরা ও তাঁর স্ত্রী চপলাদেবী। রাত ১০টার পর স্ত্রীকে আর দেখতে পাননি কাজলবাবু। হাসপাতাল চত্বরে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মাইকে তাঁর নাম ঘোষণা করা হয়। তাও স্ত্রীর খোঁজ না মেলায় হাসপাতালের ভিতর পুলিস ফাঁড়িতে যোগাযোগ করেন কাজলবাবু। সেখান থেকে তাঁকে থানায় যেতে বলা হয়। কাজলবাবুর অভিযোগ, থানায় মিসিং ডায়েরি করতে গেলে তাঁকে চলে যেতে বলা হয়। এমনকী, এও বলা হয়, ২৪ ঘণ্টা না হলে ডায়েরি নেওয়া যাবে না। এরপর হাসপাতালে ফিরে আসেন তিনি। খুঁজতে খুঁজতে হাসপাতালের ওই শৌচালয়েও যান। কিন্তু দেখা পাননি স্ত্রীর। কাজলবাবু বলেন, পুরসভা পরিচালিত ওই শৌচালয়ের দায়িত্বে থাকা ব্যক্তিকে তিনবার জানতে চেয়েছিলাম, স্ত্রী এসেছেন কি না। তিনি জানান, আসেননি। তাহলে এই শৌচালয়ে তিনি মরে পড়ে থাকলেন কী করে? একজন মহিলা বাথরুমে ঢুকে গেলেন অথচ কর্তব্যরত কর্মী তাঁকে দেখতে পেলেন না, এটা কী করে হয়!
পুলিসের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন কাজল হাজরা। তিনি বলেন, থানায় গেলেও আমার কথা শোনা হয়নি। থানা থেকে বলা হয়েছে, ২৪ ঘণ্টা পর আসুন। এখন ডায়েরি নেওয়া যাবে না। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শৌচালয়টি পুরসভা পরিচালিত হলেও সেটি টেন্ডার দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি দেখভাল করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ