Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৯ মাসে প্রায় ১,৭০০ কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাংলায়

রাজ্যের এফডিআই সাফল্য নিয়ে কী বলছে শিল্প মহল? এখানকার কর্তাদের বক্তব্য, লগ্নি কখনও রাতারাতি আসে না। তার জন্য জমি তৈরি করা দরকার।

৯ মাসে প্রায় ১,৭০০ কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাংলায়
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিক, অর্থাৎ ২০২৪-২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রায় ৬০০ কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এল বাংলায়। এপ্রিল থেকে ন’মাসের হিসেব কষলে বিনিয়োগের অঙ্ক প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা। এর ফলে পরপর পাঁচ বছরে বছরে এরাজ্যে আসা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ ১৩ হাজার ৯৪৬ কোটি টাকায় পৌঁছল। এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। করোনার সময় থেকে এখনও পর্যন্ত আসা এই বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগে আশার আলো দেখছে রাজ্য প্রশাসন। তার কারণ, ২০০০ সাল থেকে পরপর ১৯ বছরে রাজ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অঙ্ক ছিল প্রায় ৩৪ হাজার কোটি টাকা। সেই জায়গায় গত পাঁচ বছরের পরিসংখ্যান যথেষ্ট উজ্জ্বল, বলছেন প্রশাসনের কর্তারা।

Advertisement

কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের হিসেব বলছে, ২০২০-২১ অর্থবর্ষে বাংলায় এফডিআই এসেছিল ৩ হাজার ১১৮ কোটি টাকার। তার পরের বছর, অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে তা কিছুটা বেড়ে হয় ৩ হাজার ১৯৫ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে সেই হিসেব পৌঁছয় ৩ হাজার ২১৭ কোটি টাকায়। গত অর্থবর্ষে তা ছিল প্রায় দেড় হাজার কোটি টাকার। অর্থাৎ কয়েক বছর আগের হিসেবের দিকে তাকালেই স্পষ্ট, বিগত বছরগুলিতে বিদেশি লগ্নি টানার ক্ষেত্রে অনেকটা এগিয়েছে বাংলা। ২০২০-২১ অর্থবর্ষের গোড়া থেকে দেশে করোনা বড় রকমের প্রভাব ফেলতে শুরু করে। কিন্তু বিশ্ব বাজারে সংক্রমণের থাবা পড়েছিল তার আগে থেকেই। তারপরও যেভাবে লগ্নি টানতে সক্ষম হয়েছে বাংলা, তা যথেষ্ট সাফল্যের, বলছে সংশ্লিষ্ট মহল। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী এফডিআই টানার নিরিখে দেশে একাদশ স্থানে বাংলা। প্রথম তিনে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক ও গুজরাত।
রাজ্যের এফডিআই সাফল্য নিয়ে কী বলছে শিল্প মহল? এখানকার কর্তাদের বক্তব্য, লগ্নি কখনও রাতারাতি আসে না। তার জন্য জমি তৈরি করা দরকার। যে প্রশাসনের ভাবমূর্তি যত ভালো, শিল্পায়নের নীতি যত আকর্ষণীয়, লগ্নির গা থেকে লাল ফিতের ফাঁস আলগা করার তৎপরতা যত বেশি, বিনিয়োগও সেখানে তত বেশি। বিশ্ব ব্যাঙ্কের উদ্যোগে যে ‘ইজ অব ডুইং বিজনেস’ সংক্রান্ত প্রতিযোগিতা হয়, সেখানে গত কয়েক বছরে দফায় দফায় সামনের সারিতে এসেছে বাংলা। তা বিনিয়োগ টানতে সুবিধা করে দিয়েছে বলেই মনে করছে শিল্প মহল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ