নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: তোর্সা থেকে জল তুলে পরিস্রুত করে বাড়ি বাড়ি সরবরাহ করে কোচবিহার পুরসভা। যে পাইপ দিয়ে তোর্সা নদী থেকে জল তোলা হয় সেই পাইপের মুখে আটকে গিয়েছে বর্ষার জলে ভেসে আসা আবর্জনা। আর এতেই চরম বিপত্তি। বন্ধ হয়ে গিয়েছে তোর্সা থেকে পানীয় জল উত্তোলনের কাজ। ফলে শহরের একাংশে বাড়ি বাড়ি জল সরবরাহ থমকে গিয়েছে। যার ফলে ভোগান্তিতে পড়েন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরে প্রায় ২০ হাজার পরিবারে তোর্সার জল পৌঁছচ্ছে না। বিষয়টি সামনে আসতেই সোমবার পুরভার দক্ষ কর্মীরা নদীর মাঝামাঝি জায়গায় থাকা ওই পাইপ লাইন থেকে জঞ্জাল সরানোর কাজ শুরু করেছে। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তোর্সার জল সরবরাহ করা সম্ভব নয় বলে পুরসভা জানিয়েছে।
প্রতিবছরই বর্ষার সময় তোর্সা নদীতে জল বাড়লেই পানীয় জল সরবরাহের পাইপ লাইনের মুখে বর্জ্য আটকে যায়। আর এতে জল তোলার কাজে ব্যাঘাত ঘটে। নদী থেকে জল না আনতে পারলে পরিস্রুত করা ও সরবরাহ কাজ সম্ভব নয়। এর ফলে বিপুল সংখ্যক শহরবাসীকে সমস্যার মুখে পড়তে হচ্ছে।
এমনিতেই কোচবিহার শহরে পানীয় জল সরবরাহ নিয়ে বিভিন্ন সময়ে পুরবাসীর প্রশ্নের মুখে পড়ে পুরসভা। সব ওয়ার্ডে সমানভাবে জল পৌঁছয় না। বাধ্য হয়ে পুরসভাকে গভীর নলকূপের মাধ্যমে তোলা জল সরবরাহ করতে হয়। হঠাৎ করে তোর্সার জল না পেয়ে সোমবার দিনভর বিপাকে পড়েন শহরবাসীর একাংশ। তবে পুরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে, দ্রুত সমস্যা মিটিয়ে বাড়ি বাড়ি জল সরবরাহ করার চেষ্টা চালানো হচ্ছে। তবে কবে থেকে পানীয় জল সরবরাহ হবে, তা এদিন নির্দিষ্ট করে বলতে পারেনি পুরকর্তৃপক্ষ।
পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, গত ক’দিনের বৃষ্টিতে তোর্সায় জল বেড়েছে। সেই জলে ভেসে আসা বর্জ্য পাইপ লাইনে ঢুকেছে। আমরা এটা জানার সঙ্গে সঙ্গে সাফাইয়ের কাজে ঝাঁপিয়েছি। নদীতে ডুবুরি নামানো হয়েছে। আবর্জনা সরানোর কাজ শেষ হলেই জল তোলা শুরু হবে। তবে কবে কাজ শেষ হবে, তা এখনই বলা যাচ্ছে না।