নয়াদিল্লি: ভারতে ধর্ষণ, সন্ত্রাসবাদ সহ একাধিক অপরাধ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এমনটাই দাবি আমেরিকার। এই পরিস্থিতিতে ভারতে সফরের ক্ষেত্রে সাধারণ নাগরিক ও সরকারি কর্মীদের জন্য ‘লেভেল ২’ সতর্কবার্তা জারি করল মার্কিন বিদেশ দপ্তর। ১৬ জুন প্রকাশিত ওই নির্দেশিকায় বেশ কয়েকটি রাজ্যকে ‘বেশি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মহিলাদের সেসব জায়গায় একা না যাওয়ার পরামর্শ দিয়েছে ট্রাম্পের দেশ। নির্দেশিকায় বলা হয়েছে, ‘ভারতে দ্রুত হারে বাড়তে থাকা অপরাধের মধ্যে অন্যতম ধর্ষণ। পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় যৌন হেনস্তার মতো ঘটনা ঘটে থাকে। যে কোনও মুহূর্তে জঙ্গিরা হামলা চালাতে পারে। সাধারণত পর্যটন কেন্দ্র, শপিংমল, বাজার, সরকারি কেন্দ্রে হামলা চালানো হয়। গ্রামীণ এলাকায় জরুরি পরিষেবা দেওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। এক্ষেত্রে মার্কিন সরকার নাগরিকদের সাহায্য করতে পারবে না। পূর্ব মহারাষ্ট্র, উত্তর তেলেঙ্গানা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল। বিভিন্ন রাজ্যে এই ধরনের এলাকা রয়েছে। এসব রাজ্যে যাওয়ার আগে সরকারি কর্মীদের অনুমতি নিতে হবে।’



