Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রামে নয়, বামেই থাকবে ভোট, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের

দীর্ঘ দশ বছর বাদে লালঝান্ডার প্রার্থীর নাম ঘোষণা হতেই তেভাগা আন্দোলনের ঘাঁটি কাকদ্বীপে উজ্জীবিত বাম কর্মী-সমর্থকরা। গত দু’টি বিধানসভা নির্বাচনে বাম ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়েছিল।

রামে নয়, বামেই থাকবে ভোট, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: দীর্ঘ দশ বছর বাদে লালঝান্ডার প্রার্থীর নাম ঘোষণা হতেই তেভাগা আন্দোলনের ঘাঁটি কাকদ্বীপে উজ্জীবিত বাম কর্মী-সমর্থকরা। গত দু’টি বিধানসভা নির্বাচনে বাম ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়েছিল। সেই অনুসারে কাকদ্বীপে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। অথচ এক সময় কাকদ্বীপ ছিল সিপিএমের দুর্ভেদ্য ঘাঁটি। এই বিধানসভা কেন্দ্রের বুধাখালি থেকেই তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল। আর সেখানে গত দু’টি বিধানসভা নির্বাচনে সিপিএমের প্রার্থী না থাকার কারণে, দলের কর্মী ও সমর্থকরা হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে সিপিএম প্রার্থী দেওয়ায় তাঁরা উল্লাসে মেতে উঠেছেন। প্রার্থীকে সামনে রেখে লালঝান্ডা কাঁধে কর্মী-সমর্থকরা মিছিল করেছেন। প্রধান রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা ঘোষণা করলেও কাকদ্বীপ বাজারে সিপিএম ছাড়া আর কোনো রাজনৈতিক দল মিছিল বা মিটিং এখনও করেনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, নিজেদের প্রার্থী না থাকায় ওই দু’টি নির্বাচনে বামেদের বহু ভোট রামে চলে গিয়েছিল। তবে এবার সেই ভোট বামের ঘরেই ফিরবে।

Advertisement

কাকদ্বীপের সিপিএম প্রার্থী নারায়ণ দাস বলেন, ‘আসন সমঝোতার অঙ্কে গত দু’টি বিধানসভা নির্বাচনে কাকদ্বীপে সিপিএমের প্রার্থী ছিল না। তবে এবারের নির্বাচনে আমরা ফের দলীয় প্রতীকে লড়াই করছি। এই নির্বাচনে বাম কর্মী-সমর্থকরা নিশ্চিতভাবে লালঝান্ডার প্রার্থীকে সমর্থন করবে।’ 
তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা বলেন, ‘সিপিএম মুখে নীতি, আদর্শের কথা বলে। কাজের ক্ষেত্রে ওদের সেসব নীতি দেখা যায় না। ওরা নিজেদের ভোট ধরে রাখতে পারবে কি না, সেটাই সন্দেহ।’ বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা বলেন, ‘যে বাম সমর্থকরা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাঁরা সবাই মন থেকে বিজেপির সঙ্গে আছেন। তাঁরা কেউ আর বামে ফিরবেন না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ