বুলাওয়া: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সেও দুরন্ত ফর্ম অব্যাহত ভারতের। মঙ্গলবার আয়োজক জিম্বাবোয়েকে ২০৪ রানে কার্যত দুরমুশ করল টিম ইন্ডিয়া। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৫২ রান তোলেন আয়ুষ মাত্রেরা। সৌজন্যে বিহান মালহোত্রার দুরন্ত শতরান। ৭টি বাউন্ডারি সহ ১০৭ বলে অপরাজিত ১০৯ রানের ইনিংস উপহার দেন তিনি। এছাড়া অভিজ্ঞান কুণ্ডু ৬১ রান করেন। জবাবে ভারতীয় বোলারদের দাপটে ৩৭.৪ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ে। এই জয়ের সুবাদে সুপার সিক্সের গ্রুপ ‘২’তে শীর্ষে রয়েছে ভারত (৬ পয়েন্ট)। উল্লেখ্য, গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, বাংলাদেশ ও আমেরিকাকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। তারমধ্যে কিউয়িরা ও টাইগার-ব্রিগেড সুপার সিক্সে কোয়ালিফাই করেছে। উভয় দলের বিরুদ্ধে পাওয়া চার পয়েন্ট এই পর্বে যোগ হয়েছে আয়ুষ মাত্রেদের।



