ঢাকা, ১৯ এপ্রিল: আন্তর্জাতিক মহলে মুখ পুড়ল ইউনুস সরকারের। নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ নিয়ে বিশেষ সতর্ক করল আমেরিকা। এখন মার্কিন নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত বলে গতকাল, শুক্রবার একটি নির্দেশিকা জারি করেছে সেদেশের বিদেশ দপ্তর। কারণ হিসেবে মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাংলাদেশে এখন অস্থিরতা বজায় রয়েছে, অপরাধ, সন্ত্রাসবাদের মতো ঘটনা ঘটছে। তাই সেখানে ভ্রমণ এড়িয়ে চলাই উচিত বলে মনে করে আমেরিকা। ইতিমধ্যেই বাংলাদেশের জন্য লেভেল-৩ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে, যেমন খাগরাছারি, রাঙামাটি, বান্দারবন পার্বত্য এলাকার মতো বেশ কিছু জায়গায় ‘লেভেল-৪’ সতর্কতা জারি করা হয়েছে। ‘লেভেল-৪’ মানে ভ্রমণ করার উপর নিষেধাজ্ঞা।
মূলত এই এলাকাগুলি পড়ছে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের মধ্যে। সেখানে হিংসা, অপরাধ, সন্ত্রাসবাদ, অপহরণ ও নিরাপত্তার ঝুঁকি রয়েছে। তাই বিশেষ করে ওই এলাকাগুলিতে মার্কিন নাগরিকদের ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে। আর এর ফলে আন্তর্জাতিক মহলে মুখ পুড়েছে ঢাকার। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ মুখে বারবার পরিস্থিতি ঠিক রয়েছে বলে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দাবি করলেও আসলে হাল যে খারাপ তা মার্কিন প্রশাসনের এই নির্দেশিকাই বলে দিচ্ছে।
অপরদিকে বাংলাদেশে ইউনুস সরকারের আমলে খুন হয়েছেন এক হিন্দু নেতা। ঢাকা থেকে ৩৩০ কিলোমিটার দূরে দিনাজপুরের বসুদেবপুরে হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় (৫৮)-কে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। নারাবাড়িতে নিয়ে গিয়ে তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। আর সেই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি। আজ, শনিবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ‘বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও খুনের ঘটনায় আমরা উদ্বিগ্ন। এই হত্যাকাণ্ড একটা নির্দিষ্ট ছকে হচ্ছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আরও একবার তত্ত্বাবধায়ক সরকারকে কোনও অজুহাত বা ভেদাভেদ ছাড়াই হিন্দু সহ সকল সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার কথা মনে করিয়ে দিচ্ছি।’