বুলাওয়া: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিজয়রথ ছোটাচ্ছে ভারতের ছোটরা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জিতে দাপটে সুপার সিক্সে টিম ইন্ডিয়া। শনিবার বুলাওয়াতে নিউজিল্যান্ডকে ডিএলএস নিয়মে ৭ উইকেটে উড়িয়ে দিলেন আয়ুষ মাত্রেরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে ১৩৫ রানে গুটিয়ে যায় কিউয়ি ব্রিগেড। বৃষ্টির জন্য দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ওভার কমিয়ে ৩৭ করা হয়। জয়ের জন্য টার্গেটও কমে দাঁড়ায় ১৩০। সেই লক্ষ্যে ১৪১ বল বাকি থাকতে জয় তুলে নেয় ভারতীয় দল। ঝকঝকে হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্যাপ্টেন আয়ুষ মাত্রে। তবে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা আরএস অম্বরীশ।
শনিবার ভারতের জয়ের পথ প্রশস্ত করে বোলাররা। হেনিল প্যাটেলদের দাপটে শুরু থেকেই ধুঁকতে থাকে নিউজিল্যান্ড। দলগত ২২ রানেই ৫ উইকেট খোয়ায় তারা। তখন মনে হচ্ছিল, ৫০ রানের গণ্ডিও পেরোবে না। তবে লোয়ার অর্ডারে কালুম সামসন (অপরাজিত ৩৭), সেলউইন সঞ্জয়ের (২৮) মরিয়া লড়াইয়ে কোনওমতে ১৩৫ রান তোলে তারা। জবাবে ব্যাট করতে নেমে ভারতও শুরুতে ধাক্কা খায়। ওপেনার অ্যারন জর্জের ব্যাট থেকে ৭ রানের বেশি আসেনি। তবে অপর ওপেনার বৈভব ২টি চার ও ৩টি ছক্কা সহ ২৩ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস উপহার দেয়। তিনে নেমে ক্যাপ্টেন আয়ুষ হাফ-সেঞ্চুরি হাঁকাতেই জয়ের রাস্তা সুগম হয়। বাকি কাজটা করেন ভিহান মালহোত্রা (অপরাজিত ১৭) ও বেদান্ত ত্রিবেদী (অপরাজিত ১৩)। উল্লেখ্য, আগামী মঙ্গলবার সুপার সিক্সের প্রথম ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে ভারত।