


নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাংলার ‘পর্বততনয়া’ পিয়ালি বসাকের শিশাপাঙমা ও চো ইয়ু শৃঙ্গ অভিযান ঘিরে ডামাডোল শুরু হয়েছে। আগামী ৭ এপ্রিল চন্দননগরের পর্বতারোহী পিয়ালির তিব্বত রওনা হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি চীন-তিব্বত পর্বতারোহী সংস্থা (সিটিএমএ) তিব্বতের শিশাপাঙমা এবং নেপাল-চীন সীমান্তের চো ইয়ু শৃঙ্গ অভিযান স্থগিত রাখার কথা ঘোষণা করেছে। তাতেই বঙ্গকন্যার অভিযান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিকল্প কোনও শৃঙ্গ অভিযান করা যায় কি না, সেই পরিকল্পনা শুরু করেছেন পিয়ালি। তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, সেক্ষেত্রে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চণজঙ্ঘাকে বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলার এই বিশিষ্ট পর্বতারোহী।
পিয়ালির ঘনিষ্ঠদের সূত্রে জানা গিয়েছে, অতীতে বিশেষ অনুমোদনের ভিত্তিতে শিশাপাঙমা এবং চো ইয়ু অভিযান হয়েছে। সেরকম কোনও অনুমোদন এবারও জোগাড় করা যায় কি না, তার চেষ্টা চলছে। পর্বতারোহী মহল জানাচ্ছে, সিটিএমএ কর্তৃপক্ষ তিব্বতের মধ্য দিয়ে চো ইয়ু অভিযান স্থগিত করেছে। সেক্ষেত্রে নেপাল দিয়ে ওই শৃঙ্গে আরোহণ করা যায়। কিন্তু সেই পথ অত্যন্ত দুর্গম ও বিপজ্জনক। সম্পূর্ণভাবে চীনে রয়েছে শিশাপাঙমা। ফলে ওই শৃঙ্গে যাওয়ার পথ পুরোপুরি বন্ধ। পিয়ালির দাবি, দু’টি শৃঙ্গজয়ের লক্ষ্যেই শিশাপাঙমা এবং চো ইয়ুকে নির্বাচন করা হয়েছে। তাই একসঙ্গে দু’টি শৃঙ্গ অরোহণের অনুমোদন না মিললে তিনি অভিযান করবেন না। সোমবার তিনি বলেন, ‘আমি মানসিকভাবে পুরোপুরি তৈরি ছিলাম। কিন্তু একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। জট খোলার প্রয়াস চলছে। কিন্তু কোনওভাবেই তিব্বত ও চীনের শৃঙ্গ জয়ের সুযোগ না থাকলে আমি বিকল্প অভিযানের প্রস্তুতিও রাখছি। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’
চন্দননগরের কাঁটাপুকুরের মেয়ে পিয়ালি ইতিমধ্যে ছ’টি আটহাজারি শৃঙ্গ জয় করেছেন। এর মধ্যে একাধিক শৃঙ্গ জয় করেছেন অক্সিজেন ছাড়াই। বাংলার কোনও মহিলা পর্বতারোহীর জন্য যা একটি বিরল রেকর্ড। ২০২৩ সালে অন্নপূর্ণা ও মাকালু জয় করেছিলেন তিনি। তারপরে কিছু শারীরিক ও আর্থিক এবং পারিবারিক সমস্যায় তিনি প্রায় দু’বছর কোনও অভিযানে যাননি। সম্প্রত আবারও অভিযানের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। এই প্রথম তাঁর অভিযানের জন্য আর্থিক সমস্যা সেভাবে ছিল না। এই অবস্থায় বাধ সেধেছে চীন-তিব্বত পর্বতারোহী সংস্থার সিদ্ধান্ত। প্রসঙ্গত, ২০২২ সালে একবার চো ইয়ু আরোহণ করতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরতে হয় পিয়ালিকে। এবার শুরুর আগেই শেষের ইঙ্গিত স্বভাবতই কিছুটা বিমর্ষ করেছে তাঁকে। যদিও হার মানতে নারাজ ‘পর্বততনয়া’। তাঁর দাবি, এপ্রিলে অভিযান হবেই।-ফাইল চিত্র