নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজস্থানে সাইবার জালিয়াতিতে অভিযুক্ত দু’জনকে বেহালা থেকে গ্রেফতার করে নিয়ে গেল ভিন রাজ্যর পুলিশ। রাজেশ সিং ও কুশল তামাং নামে দুই অভিযুক্ত রাজস্থান থেকে কলকাতায় পালিয়ে এসে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল বলে অভিযোগ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজস্থান পুলিশ বেহালায় হানা দিয়ে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা একটি নামী ডাক্তারি ক্লিনিকের নামে ভুয়ো ওয়েবসাইট খোলে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া ছিল। তাতে উল্লেখ করা হয়, ওই নম্বরে যোগাযোগ করলে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। গুগল থেকে ওই ওয়েবসাইটের খোঁজ পান রাজস্থানের এক বাসিন্দা। ডাক্তার দেখাবেন বলে ওই নম্বরে ফোন করেন তিনি। জালিয়াতরা জানায়, তারা একটি লিঙ্ক পাঠাচ্ছে। তাতে ক্লিক করলেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। তারপর তাদের কাছে একটি ওটিপি যাবে। সেটি তাদের দিতে হবে। অভিযুক্তদের কথামতো অভিযোগকারী ওটিপি দিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষ টাকা উধাও হয়ে যায়!
নভেম্বর মাসে এমন অভিযোগ হওয়ার পর তদন্তে নেমে রাজস্থান পুলিশ জানতে পারে, ওই টাকা ঢুকেছে কলকাতার একটি অ্যাকাউন্টে। তাতে যুক্ত মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ জানতে পারে, অভিযুক্তরা কলকাতাতেই রয়েছে। এরপরই বৃহস্পতিবার কলকাতায় পৌঁছে তাদের গ্রেফতার করে রাজস্থান পুলিশ।
দুই অভিযুক্তকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হয়। অভিযুক্তদের হয়ে লিগ্যাল এডের আইনজীবী সৈকত রক্ষিত অবশ্য দাবি করেন, এই দুই অভিযুক্তই যে এই ঘটনায় জড়িত তার কোনও তথ্য-প্রমাণ নেই। তাই জামিন দেওয়া হোক। অন্যদিকে সরকার পক্ষের আইনজীবী সাজ্জাদ খান বলেন, জালিয়াতির টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছে। এখান থেকে তাঁরা নিশ্চিত যে, সংশ্লিষ্ট জালিয়াতির ঘটনায় এই অভিযুক্তরা জড়িত। সওয়ালে শেষে ধৃতদের ট্রানজিট রিমান্ডে রাজস্থান নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত।