সংবাদদাতা, বারুইপুর: নতুন বছরে আজ, শুক্রবার প্রথম রাজনৈতিক সভা করবেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ফুলতলা সাগর সঙ্ঘ মাঠে হবে সভাটি। এই জনসভাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। ব্যানার, পোস্টার, ফ্লেক্সে ছেয়ে গিয়েছে বারুইপুর। এই বছরেই বিধানসভা ভোট। তাই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বছরের প্রথম রাজনৈতিক সভা থেকে কী বার্তা দেন, তা জানতে মুখিয়ে আছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, প্রায় দু’লক্ষ কর্মী, সমর্থকের সমাগম হবে সভায়। সভার নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। প্রায় তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হবে সভায়, এমনই জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার শীর্ষ আধিকারিকরা।
সভায় মূল মঞ্চের দু’ ধাপ নীচে তৈরি হয়েছে র্যাম্প। রাম্পটি উত্তর থেকে দক্ষিণ ২০০ ফুট লম্বা। পূর্ব থেকে পশ্চিম ১৪০ ফুট চওড়া। মাঠের মধ্যে ব্যারিকেডে সংখ্যাও কমানো হয়েছে, যাতে মানুষজন ভালোভাবে বসতে পারে। থাকবে জায়েন্ট স্ক্রিনও। পাশাপাশি, মূল মঞ্চের দুই পাশে আলাদা মঞ্চ করা হয়েছে। ভিভিআইপি, দলীয় কর্মীদের ঢোকার জন্য আলাদা গেট করা হয়েছে।
বৃহস্পতিবার সভাস্থল পরিদর্শন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ছিলেন দক্ষিণ ২৪ পরগনার অন্য বিধায়করা, সুন্দরবন ও যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি, সাংসদ বাপি হালদার সহ অন্যরা। বারুইপুর পুলিশ জেলার কর্তারাও পরিদর্শন করে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। দফায় দফায় মিটিং সারেন পুলিশকর্তারা। শুক্রবার সকাল থেকেই বারুইপুরে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। সূত্রের খবর, সোনারপুর থেকে বেরিয়ে কাটখাল, সীতাকুণ্ড হয়ে ফুলতলায় সাগর সঙ্ঘ মাঠে আসবেন ডায়মন্ডহারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভাকে ঘিরে তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে।