নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচন কমিশন ও বিজেপিকে দাঁড়িপাল্লার দুদিকে বসিয়ে চড়া সুরে আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে কল্যাণ দাবি করলেন, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই সবরকম সহযোগিতা করছে নির্বাচন কমিশন। জ্বলন্ত উদাহারণ হল—বিএলএ-২ নিয়োগের ক্ষেত্রে কমিশনের নতুন নির্দেশিকা।
ইডি, সিবিআইয়ের বিরুদ্ধে তৃণমূলের তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি। ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সির দাপদিাপি বেড়ে যায়। আর সেটা বিজেপির মদতে হয় বলে জোড়াফুল শিবিরের অভিযোগ। আর এবার তৃণমূলের তরফে অভিযোগ করা হল, বিজেপির পক্ষে কাজ করছে নির্বাচন কমিশন।
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এসআইআর প্রক্রিয়া চলছে। সব বুথে বিজেপির বুথ লেভেল এজেন্ট-২ নেই। রাজ্যে বিজেপির এজেন্ট নেই ৭৫ শতাংশ জায়গায়। সেটা সামনে আসতেই বিজেপির হয়ে ব্যাট ধরল কমিশন। বুথ লেভেল এজেন্ট একই বিধানসভা কেন্দ্রের অন্য বুথ থেকেও দেওয়া যাবে, সেই ব্যবস্থা বিজেপির জন্যই করে দিল নির্বাচন কমিশন। কল্যাণের তোপ, বিজেপির হয়ে কাজ করে নির্বাচন কমিশন ভারতের গরিমাকে নষ্ট করছে। তাদের এই ভূমিকা গণতন্ত্রের পক্ষে লজ্জার।