


নিজস্ব প্রতিনিধি, বারাসত: তৃণমূলের কার্যালয়ে ঢুকে ‘তাণ্ডব’ চালানোর অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে। ব্লক সভাপতিকে না মানলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়ে বলেও অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটে শাসন থানার দাদপুর অঞ্চলের গোলাবাড়িতে। প্রতিবাদে রবিবার সকালে দলীয় নেতৃত্ব এলাকায় ধিক্কার মিছিল করে। পরে ‘আক্রান্ত’ তৃণমূল নেতা ইফতিকারউদ্দিন শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
বারাসত ২ নম্বর ব্লকে তৃণমূলের সভাপতিকে ঘিরে দলের অন্দরে ক্ষোভ অব্যাহত। সভাপতি মনিরুল ইসলামকে মেনে নিতে পারছেন না দলের সিংহভাগ নেতা-কর্মী। প্যানেল পরিবর্তনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলছে। এই বিক্ষুব্ধ নেতাদের তালিকায় রয়েছেন ইফতিকারউদ্দিন। ফলে ব্লক সভাপতির অনুগামীদের ‘টার্গেট’ হয়ে গিয়েছেন তিনি। শনিবার রাতে গোলাবাড়িতে দলের কার্যালয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে বসেছিলেন তিনি। সেই সময় দাদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন কার্যালয়ে আসেন। অভিযোগ, তাঁর লোকজন ভিতরে থাকা কর্মীদের ধাক্কাধাক্কি করেন। আমিনুল হলেন বারাসত-২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মনিরুল ইসলামের ভাই। ইফতিকার বলেন, ক্ষমতার বলে পরিকল্পিতভাবে তাণ্ডব চালিয়েছে ওরা। কেন আমি ব্লক সভাপতিকে মেনে নিতে পারছি না, তা নিয়ে তর্কাতর্কিও হয়। আমি থানায় অভিযোগ করেছি।
এ নিয়ে আমিনুল ইসলামকে ফোন ও মেসেজ করা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। এনিয়ে তৃণমূল নেতা নাজিবুর রহমান ও মানস ঘোষদের বক্তব্য, আমরা সিপিএমের রক্তচক্ষুকে উপেক্ষা করে লড়েছি। ওরা যদি ভাবে আমরা চুপ করে বসে আছি, তাহলে ভুল! পাল্টা শুরু হলে সামাল দিতে পারবেন না ওঁরা।